ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়, ঈশ্বরের আশীর্বাদেই তিনি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।যদিও বিতর্ক শুরু হতেই ওই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন রিঙ্কু।

রিঙ্কু সিং
শেষ আপডেট: 19 January 2026 20:19
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ফিনিশার (Indian Cricketer) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR Against Rinku Singh) দায়ের হয়েছে।
কী করেছেন রিঙ্কু?
হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের (KKR Batter) তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের আলিগড় (Uttar Pradesh Aligarh) থানায় এই অভিযোগ করেছে করণী সেনা (Karni Sena) নামে এক স্বঘোষিত হিন্দুত্ববাদী সংগঠন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভিডিওকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত।
কী রয়েছে ভিডিওতে?
অভিযোগের কেন্দ্রে থাকা সেই ভিডিওটি রিঙ্কু সিং নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ভিডিওতে (Rinku Singh AI Video) দেখা যায়, একের পর এক ছক্কা মারছেন রিঙ্কু। তার উপর ভেসে ওঠে লেখা - ‘তোমাকে কে ক্রিকেটার বানিয়েছে?’ পরের দৃশ্যে দেখা যায়, কালো চশমা পরে গাড়ি চালাচ্ছেন হনুমান। তাঁর পাশে বসে রয়েছেন শিব, গণেশ ও বিষ্ণু। ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়, ঈশ্বরের আশীর্বাদেই তিনি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।যদিও বিতর্ক শুরু হতেই ওই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন রিঙ্কু।
🚨📰| Karni Sena has filed a complaint against Rinku Singh at a police station in Aligarh for sharing a video from his Facebook account, in which God was shown in an AI avatar.
(Bhaskar English) pic.twitter.com/BDVmnSdJyU— KnightRidersXtra (@KKR_Xtra) January 19, 2026
কী বলছে করণী সেনা?
করণী সেনার আলিগড় জেলা সভাপতি সুমিত তোমার অভিযোগ করেন, হিন্দু দেবদেবীদের এ ভাবে উপস্থাপন করা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
সংগঠনের দাবি, দেবদেবীদের এই ধরনের AI-নির্ভর ভিডিওতে ব্যবহার করা অনভিপ্রেত এবং তা অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি রাখে। সেই অভিযোগের ভিত্তিতেই আলিগড় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
এই বিতর্ক এমন এক সময়ে সামনে এল যখন রিঙ্কু সিংয়ের নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের জার্সিতে মাঠে নামার কথা তাঁর। কিন্তু এফআইআর হওয়ার ফলে বিশ্বকাপের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন এই তারকা ব্যাটার।
ক্রিকেট পরিসংখ্যানের দিক থেকেও রিঙ্কু সিং বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা। ভারতের হয়ে খেলা ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি তিনটি অর্ধশতরান-সহ মোট ৫৫০ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪২.৩০, যা টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ট উল্লেখযোগ্য। পাশাপাশি, জাতীয় দলের হয়ে খেলা দু’টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৫৫ রান।
তবে মাঠের সাফল্যের বাইরে, সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট কী ভাবে আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, রিঙ্কু সিংয়ের ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ। এখন দেখার, এই এফআইআর-এর প্রভাব তাঁর ক্রিকেট কেরিয়ার এবং আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে কতটা পড়ে।