
শেষ আপডেট: 21 December 2023 15:27
দ্য ওয়াল ব্যুরো: বিরাট সম্মান পাচ্ছেন বাংলার টেবল টেনিসের তারকা ঐহিকা মুখোপাধ্যায়। তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। অথচ তাঁর ছোটবেলার বান্ধবী ও একাধারে ডাবলস পার্টনার সুতীর্থা মুখোপাধ্যায়কে এই স্বীকৃতি থেকে বঞ্চিত রাখা হয়েছে। কেন কী কারণে তাঁর নাম অর্জুন পুরস্কার থেকে বাদ গেল, সেটি বুঝতে পারছেন না সুতীর্থাও।
একই যাত্রায় পৃথক ফল বলতে যা বোঝায়, সেটাই হয়েছে সুতীর্থার ক্ষেত্রে। রেকর্ড বিচার করলে যদিও ঐহিকার থেকে বেশি সাফল্য রয়েছে সুতীর্থারই। তিনি দু’বার সিঙ্গলস ও একবার ডাবলসে জাতীয় সিনিয়র খেতাব পেয়েছেন। সেদিক থেকে ঐহিকার কোনও জাতীয় খেতাব নেই। গত এশিয়ান গেমসে সুতীর্থা ও ঐহিকা মিলেই ডাবলসে ব্রোঞ্জ নিয়ে এসেছেন দেশের জন্য। সাউথ এশিয়ান গেমসেও সুতীর্থার পদক রয়েছে, কিন্তু নেই ঐহিকার। তারপরেও তিনি কেন ক্রীড়ামন্ত্রকের এই পুরস্কার পাচ্ছেন না, সেটি নিয়ে বাংলা টিটি মহলে বেশ আলোচনা হচ্ছে।
সুতীর্থা নিজে তো বটেই, পাশাপাশি ওঁর মা-ও জানালেন, মেয়ের নিজেরও খুব মন খারাপ। দু’জনেই দেশের হয়ে ডাবলসে খেলে পদক পেল। এদিকে একজন অর্জুন পাচ্ছে, আরও একজন বাদ, সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না।
সুতীর্থা এই মুহূর্তে চণ্ডীগড়ের পঞ্চকুলায় রয়েছেন জাতীয় সিনিয়র মহিলা টেবল টেনিসে অংশ নিতে। সেখানে রয়েছেন ঐহিকাও। সুতীর্থার মা জানালেন, আমি তো মেয়েকে বলেছি এই অবিচারের জবাব তুই চ্যাম্পিয়ন হয়ে দিয়ে দিস। আমরা না হলে কার কাছে যাব বলুন!
এশিয়ান গেমসে টেবল টেনিসে যুগ্মভাবে ব্রোঞ্জ পাওয়ায় খ্যাতির শীর্ষে পৌঁছে যান দুই কন্যা। যাঁরা একই জায়গা থেকে উঠে এসেছেন। তাঁদের কোচ ছিলেন প্রথমে মিহির ঘোষ। তারপরে তাঁরা বেশি সাফল্য পান সৌম্যদীপ রায়ের কোচিংয়ে। সুতীর্থার কোচ থেকে শুরু করে তাঁর শুভানুধ্যায়ীরাও এই অবিচারের কঁথা ভেবে ক্ষুব্ধ। বলেই দিয়েছেন, কাব্যিক বিচার বলে একটা কথা রয়েছে, সেটি সত্যি হলে কেউ এভাবে স্বীকৃতি কেড়ে নিতে পারবে না।
প্রসঙ্গত, সর্বভারতীয় ক্ষেত্রে সুতীর্থার ক্ষেত্রে একবার বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল। সেটির কারণেই কী পেলেন না অর্জুন? সেই নিয়েও কথা উঠছে। যদিও ওই অভিযোগকে মিথ্যে প্রমাণ করে সার্কিটে ফিরে জাতীয় চ্যাম্পিয়নও হন।
এদিকে, বুধবার কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর থেকে এবারে মোট ২৬ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলার তিন ক্রীড়াবিদ রয়েছেন। ক্রিকেটের মহম্মদ শামি এই তালিকায় আছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ কাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে সম্মানিত হোন শামি। তারপরেই ভারতীয় বোর্ড শামির নাম অনুমোদন করে। আগে শামির নাম ছিল না। পরবর্তী সময়ে শামির নাম পাঠানো হয়। বাংলার একূয়েস্ট্রিয়ানে এশিয়ান গেমসে সোনাজয়ী আয়ুষ আগরওয়ালকে অর্জুন দেওয়া হচ্ছে।
অর্জুন পুরস্কারের নিয়ম হচ্ছে সফল ক্রীড়াবিদের নাম সেই ক্রীড়া সংস্থা থেকে পাঠাতে হয়। তবেই সেটি মনোনীত করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।