দিনের বড় ধাক্কা যদিও নরওয়ের ক্যাসপার রুডের বিদায়। ২০২২ ইউএস ওপেন ফাইনালিস্টকে ৬-৪, ৩-৬, ৩-৬, ৬-৪, ৭-৫ ফলে হারিয়ে দেন বেলজিয়ামের রাফায়েল কোলিগনঁ।

আলকারাজ ও জকোভিচ
শেষ আপডেট: 28 August 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: ফ্লাশিং মিডোয় বুধবার রাতে ধরা পড়ল দুই ভিন্ন মেরুর গল্প। একদিকে কার্লোস আলকারাজ (Carlos Alcaraz), অন্যদিকে নোভাক জকোভিচ (Novak Djokovic)। একজন স্বভাবোচিত কায়দায় প্রতিপক্ষকে ওড়ালেন। অন্যজন থমকে না গেলেও হোঁচট খেলেন।
আলকারাজের ম্যাচ যেন টেনিসের যাবতীয় স্ট্রোক প্লে-র অনুপম চিত্রশালা। ইতালির মাত্তিয়া বেলুচ্চিকে একেপেশে লড়াইয়ে গুঁড়িয়ে দিলেন স্ট্রেট সেটে (৬-১, ৬-০, ৬-৩)। সময় লাগল মাত্র এক ঘণ্টা ছত্রিশ মিনিট। বছর বাইশের স্পেনীয় তারকা, টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ঝড় তুললেন ৩২টি উইনারে। এমন দাপট বুঝিয়ে দেয়, কেন তিনি বর্তমান টেনিসের ‘ফেস অফ দ্য ফিউচার’। ম্যাচ শেষে মুচকি হেসে বললেন, ‘আমি শুরু থেকে শেষ বল পর্যন্ত দারুণ খেলেছি। যত কম সময় কোর্টে কাটাই, ততই আমার পক্ষে মঙ্গল। এর ফলে অন্তত তাড়াতাড়ি ঘুমোতে পারব!’
অন্যদিকে, ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচকে নামতে হল অন্যরকম লড়াইয়ে। আমেরিকার কোয়ালিফায়ার জাকারি স্বাজদার বিরুদ্ধে প্রথম সেট টাইব্রেকারে হেরে যাওয়ার পর বয়স যে ৩৮, তা শরীরী ভাষায় বিলক্ষণ ফুটে উঠল। কিন্তু অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তাকে কাজে লাগিয়ে জকোভিচই শেষ হাসি হাসলেন। ম্যাচের ফল: ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৩, ৬-১ ফলে। লড়াই জিতে জোকারের সোজাসাপ্টা স্বীকারোক্তি, ‘টানা ম্যাচ খেলতে খেলতে শরীরের ক্ষয়টা এখন ভালমতো টের পাই। তবে যত টুর্নামেন্টের গভীরে যাব, আমার খেলাও তত শাণিত হবে—এই ভরসাতেই এগোচ্ছি।’
এই জয়ের সুবাদে ইউএস ওপেনে ১৯তম বার তৃতীয় রাউন্ডে উঠলেন জকোভিচ। যা প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড। এবার প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নরি। যিনি আগের ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিসকো কোমেসানাকে টানা চার সেটে লড়াইয়ের পর পরাস্ত করেছেন! প্রসঙ্গত, নরিই এখন ব্রিটেনের একমাত্র পুরুষ প্রতিনিধি। কারণ পঞ্চম বাছাই জ্যাক ড্রেপার চোটের জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ড্রেপারের বিদায় ইতালির ইয়ানিক সিনারের শিরোপা ধরে রাখার পথে এক বড় বাধা সরে যাওয়ার শামিল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
দিনের বড় ধাক্কা যদিও নরওয়ের ক্যাসপার রুডের বিদায়। ২০২২ ইউএস ওপেন ফাইনালিস্টকে ৬-৪, ৩-৬, ৩-৬, ৬-৪, ৭-৫ ফলে হারিয়ে দেন বেলজিয়ামের রাফায়েল কোলিগনঁ। চতুর্থ বাছাই টেলর ফ্রিটজও প্রথম সেট খুইয়ে ম্যাচের চাকা ঘোরালেন। দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে হারালেন ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-২, ৬-৪ ফলে। অন্যদিকে, আমেরিকারই ফ্রান্সিস টিয়াফোর হাতে চার সেটে পরাজিত কোয়ালিফায়ার মার্টিন ড্যাম—৬-৪, ৭-৫, ৬-৭ (৮-১০), ৭-৫।
মহিলা বিভাগে লাতভিয়ার ২৫তম বাছাই ইয়েলেনা অস্টাপেঙ্কো হেরে গেলেন টেলর টাউনসেন্ডের কাছে, ৭-৫, ৬-১ ফলে। ম্যাচ শেষে উত্তপ্ত বাগযুদ্ধ। টাউনসেন্ডের অভিযোগ, প্রতিপক্ষ নাকি বলেছেন, ‘তোমার কোনও শিক্ষাগত যোগ্যতা নেই, কোনও ভদ্রতাও জানো না। আমেরিকার বাইরে খেললে দেখে নেব!’ ঘটনার পর হাসি মুখে টাউনসেন্ডের জবাব, ‘বিষয়টা নিশ্চিতভাবে আমার টিকটকে জায়গা পাবে!’ যদিও অস্টাপেঙ্কোর দাবি, টাউনসেন্ড নেটকর্ডে পয়েন্ট পাওয়ার পর সেটা স্বীকার করেননি। তাই তিনি রেগে যান।
অন্যদিকে ব্রিটেনের এমা রাদুকানু ছন্দ ধরে রাখলেন। ইন্দোনেশিয়ার জানিস জেনকে উড়িয়ে দিলেন ৬-২, ৬-১ ফলে। ২১ বছর পর কোনও ইন্দোনেশীয় প্লেয়ার গ্র্যান্ড স্ল্যামের মেন ড্র-তে জায়গা পান। প্রথম রাউন্ডে বোমা ফাটিয়ে ২৪তম বাছাই ভেরোনিকা কুদারমেতোভার বিরুদ্ধে জিতলেও রাদুকানুর কাছে টিকতে পারলেন না। পরের রাউন্ডে ব্রিটিশ তরুণীর প্রতিপক্ষ নবম বাছাই এলেনা রিবাকিনা।
আরেক দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিনিধি, আলেকজান্দ্রা ইআলা—প্রথম ফিলিপিনীয়, যিনি গ্র্যান্ড স্ল্যামে সিঙ্গলসে জয় পেয়েছিলেন—হারলেন স্পেনের ক্রিস্তিনা বুকসার কাছে ৬-৪, ৬-৩ ফলে। চতুর্থ বাছাই জেসিকা পেগুলা সহজেই পরাজিত করলেন রাশিয়ার আন্না ব্লিঙ্কোভাকে ৬-১, ৬-৩ ফলে। ৩৬ বছরের অভিজ্ঞ ভিক্টোরিয়া আজারেঙ্কাও হারালেন আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে—৬-৩, ৬-৩।
দিনের শেষে সবার চোখ বিশ্বের এক নম্বর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার ম্যাচে। তিনি নামবেন রাশিয়ার পোলিনা কুদারমেতোভার বিরুদ্ধে নাইট সেশনে।