শূন্যের হ্যাটট্রিক ভুলে এবার হাফ-সেঞ্চুরি! জিম্বাবোয়ে বধ করে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা।

অভিষেক শর্মা
শেষ আপডেট: 26 February 2026 22:37
দ্য ওয়াল ব্যুরো: টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এরপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১২ বলে ১৫ রান। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ‘ডু–অর–ডাই’ ম্যাচে তাঁকে দল থেকে বাদ দেওয়া হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছিল, আর সেই ভরসার মর্যাদা দিলেন তরুণ ওপেনার। জিম্বাবোয়ের বিরুদ্ধে চেনা আগ্রাসী মেজাজে ব্যাট করে ৩০ বলে ৫৫ রান করেন অভিষেক। তাঁর এই ইনিংস ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাশাপাশি সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরিয়েছে।
এই ম্যাচে ভারতের ওপেনিং জুটিতে পরিবর্তন আনা হয়। ঈশান কিষানের বদলে সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেন করতে নামেন অভিষেক। শুরুতে সঞ্জু সাবলীলভাবে রান তুলছিলেন, তাই অভিষেক কিছুটা সময় নিয়ে নিজের ইনিংস গড়েন। সঞ্জু ২৪ রান করে আউট হওয়ার পর অভিষেক গিয়ার বদলান এবং বড় শট খেলতে শুরু করেন। ছয় ওভার শেষে তিনি ১৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এবং তাঁর দাপটে ৯.১ ওভারের মধ্যেই ভারতের রান ১০০ পেরিয়ে যায়।
এরপর ১০.১ ওভারে মাত্র ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। তবে ইনিংসটিকে আরও বড় করতে পারেননি। ১২.৫ ওভারে তিনোতেন্দা মোপাসার বলে বড় শট খেলতে গিয়ে সিকান্দর রাজ়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩০ বলে ৫৫ রান করে তাঁকে ফিরতে হয় ড্রেসিংরুমে।
Doing what he does best! 🙌
Abhishek Sharma smashes his way to a 2️⃣6️⃣-ball fifty 🎇
Updates ▶️ https://t.co/p4GxtxGkBf#TeamIndia | #T20WorldCup | #MenInBlue | #INDvZIM | @OfficialAbhi04 pic.twitter.com/NGlGDxydsG— BCCI (@BCCI) February 26, 2026
অভিষেকের এই ইনিংসে ছিল চারটি চার এবং চারটি ছক্কা। যদিও এটি তাঁর টি–টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয় ধীরতম অর্ধশতরান, তবুও আগের ম্যাচগুলির ব্যর্থতার পর এই ইনিংস ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর ব্যাটে রান ফেরায় স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়ার শিবিরে।