
শেষ আপডেট: 14 July 2022 14:03
দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় ডিসকভারি চ্যানেলের পর্দায় এসব দৃশ্য দেখলে চোখ ফেরানো যেত না। এখনও বাচ্চারা তাতে অভ্যস্ত। জঙ্গলের গহীনে প্রতিদিন কত কী যে হয়, তার সবটা মানুষের ক্যামেরায় ধরা পড়ে না। বন্য পশুদের (Wild Animals) মাঝেই সীমাবদ্ধ থাকে সেসব জঙ্গলের গোপন গল্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারই একটা ঝলক দেখা গেল।
আফ্রিকায় (Africa) পশুরাজ সিংহের (Lions) আনাগোনা যে বিস্তর, তা সকলেই জানে। সেই আফ্রিকার জঙ্গলেই তিনটি সিংহ বেজায় বিপাকে পড়ল। তাদের একাই কাবু করল জলহস্তি।
‘দ্য গ্রেট প্লেইনস কনভারসেশন’ নামের একটি ইউটিউবি চ্যানেল আফ্রিকার জঙ্গলে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিও পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় তা রীতিমতো ভাইরাল। পশুরাজদের কীর্তিতে মজেছেন নেটিজেনরা।
কী আছে সেই ভিডিওতে (Viral Video)?
দেখা গেছে, একটি নদী সাঁতরে পার হচ্ছিল তিন সিংহ। জলের মাঝপথে তাদের দেখে বেজায় ক্ষেপে যায় জলহস্তি (Hippopotamus)। সিংহগুলির দিকে তেড়ে যায় সে। রাগে দিকবিদিকশূন্য হয়ে সাঁতরে তাড়া করে পশুরাজদের।
সিংহের রাজকীয়তা তখন কোথায়? পড়িমরি করে তাদের সে কী ছুট! যে যেদিকে পেরেছে সেদিকেই ছুটেছে। জলের মধ্যে দ্রুত সাঁতারও কাটতে পারছিল না সিংহগুলি। প্রাণের ভয়ে তবু পাড়ের দিকে এগিয়েছে। জল থেকে সিংহগুলিকে তাড়িয়ে ফের জলেই ফিরে গেছে জলহস্তি।
এমন মজাদার ভিডিও নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। যা কিছু আমাদের চোখের আড়ালে ঘটে, তা যদি চোখে দেখার সুযোগ মেলে, তাহলে কার না ভাল লাগে? ভাইরাল ভিডিও দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।
আরও পড়ুন: বাঁকুড়ায় দোকানের বেঞ্চে বসে ঝিমোচ্ছে অসুস্থ হনুমান! ওআরএস খাইয়ে দিলেন স্থানীয়রা