তরুণীর মতে, তাঁর শ্রমের তুলনায় সংস্থার দেওয়া বেতন একেবারেই কম। নিজের ক্ষোভ প্রকাশ করতেই তিনি অফিস চলাকালীন প্রোডাক্টিভিটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সটান ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এমনকি, ঘুম থেকে উঠে বসের ডেস্ক থেকে চকোলেটের প্যাকেট তুলে খেয়েও নেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 April 2026 15:07
দ্য ওয়াল ব্যুরো: 'ইতনে প্যায়সে মে ইতনাইচ মিলেঙ্গা...' অফিসে কাজের চাপ খুব, এদিকে মাসের শেষে পকেটে ঢোকা বেতনের অঙ্কটায় ঠিক পড়তায় পোষায় না। সেই প্রতিবাদে (Workplace Protest Low Salary) এক আজব উপায় বেছে নিলেন তরুণী। কোনও বিশাল আন্দোলন বা স্লোগান নয়, স্রেফ নিজের ডেস্কে মাথা রেখেই টানা ৫ ঘণ্টা ঘুমিয়ে নিলেন তিনি (Chinese woman 5 hour nap office protest salary)।
তাঁর সাফ কথা, “বেতন যেটুকু দিচ্ছেন, কাজও সেটুকু পাবেন!” চিনের শাংকিউ শহরের এক তরুণীর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বয়ে গিয়েছে (worker sleeps in office China)।
বেতন বনাম ঘুম
চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণীর মতে, তাঁর শ্রমের তুলনায় সংস্থার দেওয়া বেতন একেবারেই কম। নিজের ক্ষোভ প্রকাশ করতেই তিনি অফিস চলাকালীন প্রোডাক্টিভিটি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সটান ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। বস তাঁকে ঘুমোতে দেখে রেগেমেগে কড়া হুঁশিয়ারিও দেন।
বসের সেই বকুনির পর ওই তরুণী একটি কান্নাভেজা ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি দাবি করেন, তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। কম বেতনের জ্বালা সাধারণ মানুষ বুঝবেন না। তবে তিনি কাজ ছাড়তে রাজি নন, কেবল নিজের পয়েন্ট প্রমাণ করতে চেয়েছিলেন।
বিতর্ক শুধু ঘুমেই থেমে থাকেনি
ঘুম থেকে ওঠার পর ওই তরুণী বসের ডেস্ক থেকে একটি চকোলেটের প্যাকেট তুলে খেয়ে নেন। সেখানেই ঘটে বিপত্তি। জানা গেছে, ওই বসের রক্তে শর্করার পরিমাণ কম (Glucose Intolerance) থাকায় তিনি ওই চকোলেটটি রেখেছিলেন জরুরি পরিস্থিতির জন্য। সেটি খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয় বসের। তিনি রেগে গিয়ে ওই তরুণীকে ‘খুনি’ অপবাদ দেন এবং তাঁকে বরখাস্ত করার হুমকিও দেন।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ঘটনা চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সাধারণ মানুষ শ্রম আইন বা কম বেতনের বিষয়টি মানলেও, কাজের জায়গায় এমন আচরণ সমর্থন করেননি অনেকেই।
কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “আট ঘণ্টা ডিউটির মধ্যে ৫ ঘণ্টা ঘুম আর বাকি সময় বাথরুম বা লাঞ্চে কাটালে অফিস কি স্রেফ বসার জন্য?” আবার কেউ বলছেন, “পরের বার ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে নেবেন, না হলে তো অফিস ছুটির সময়ও ঘুমিয়েই পার করবেন।” কেউ তো আবার লিখেই ফেলেছেন, ''ভাবিনি আমি কোনওদিন কোনও বসকে সমর্থন করব।''
কর্মক্ষেত্রে বসের সঙ্গে বেতন নিয়ে লড়াই চেনা ঘটনা হলেও, ৫ ঘণ্টার ঘুম আর বসের ড্রয়ার থেকে খাবার তুলে খাওয়ার এই ‘অভিনব’ প্রতিবাদ চিন তো বটেই, বিশ্বজুড়েই এখন আলোচনার বিষয়।