
ভোট কেন্দ্রের আলো নিয়ে ভোটারদের সতর্ক করলেন রচনা
শেষ আপডেট: 20 May 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুথের মধ্যে আলো কম। ইভিএমে ভোটাররা ঠিক মতো প্রার্থীর নাম বা দলীয় প্রতীক দেখতে পারছেন না। ভোট কেন্দ্রের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। আলো দিতে বলা হয়েছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পান্ডুয়ার একটি ভোট কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ আনলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
এবছর হুগলি থেকে অভিনেতা রচনাকে বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পঞ্চম দফার ভোটে হুগলির জায়গায় জায়গায় অশান্তি খবর শোনা যাচ্ছে। শিবাইচণ্ডীপুরে ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের বুথে লকেট চট্টোপাধ্য়ায় আসতেই তুমুল উত্তেজনা ছড়ায়। অসীমাকে লক্ষ্য করে "চোর-চোর" স্লোগান তোলেন লকেট ও তাঁর অনুগামীরা। পাল্টা লকেটকে "ডাকাত" বলেন অসীমা।
এরপরেই পান্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে ২৬৯ ও ২৭৩ নম্বর বুথ পরিদর্শনে গেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট কেন্দ্রের আলো নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন। তৃণমূল প্রার্থী বলেন, "অন্ধকার হয়ে আছে পুরো ঘরটা। ভোটবাক্সের চারপাশটা ঢাকা। ভিতরটা অন্ধকার হয়ে আছে। আলো দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও আলো দেওয়া হচ্ছে না। অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে। ওর ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মানুষ পড়তে পারবে না, কার নাম লেখা রয়েছে ইভিএম-এ ! যাকেই ভোট দিক, দৃষ্টিতে তো আসতে হবে, কাকে সে ভোট দিচ্ছেন? বলার পরেও আলোর ব্যবস্থা করা হচ্ছে না।' ভোটারদের উদ্দেশে বলেন, "সবাই দেখে শুনে, ধীরে সুস্থে ভোট দেবেন।"
এদিকে বাগদা, আমডাঙায় এবং ব্যারকপুরের কয়েকটি বুথে লোডশেডিং ছিল। মোমবাতির আলোয় চলে ভোটগ্রহণ। খবর পেয়েই এবিষয়ে জেলা শাসকদের অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছে কমিশন।