
ভাতারের সভায় মুখ্যমন্ত্রী মমচা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 23 April 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। অযোগ্যদের সঙ্গে যোগ্যদের কেন গুলিয়ে ফেলা হল, সিবিআই তাহলে বছরের পর বছর কী করছিল, মঙ্গলবার শহিদ মিনার থেকে সেই প্রশ্ন তুলেছেন চাকরিহারাদের একাংশ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাবেন বলেও জানিয়েছেন তাঁরা।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভাতারের সভা থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ ধরা পড়ল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। সোমবার আদালতের রায় সামনে আসার পরই নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "কোর্টের অর্ডারে যাঁদের চাকরি গেল, কেউ ভেঙে পড়বেন না, সরকার আপনাদের পাশে আছে।"
এদিন ওই প্রসঙ্গেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ যদি কোনও ছেলেমেয়ে আত্মহত্যা করেন, তার দায়িত্ব আপনারা নেবেন?"
এরপরই চাকরিহারা এবং তাদের পরিবারের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, "চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি।"
খানিক থেমে বিজেপির প্রতি আক্রমণ তীব্রতর করেছেন মমতা। তৃণমূল নেত্রীর কথায়, "কত লোককে চাকরি দিয়েছেন? বছরে ২ কোটি চাকরি দেবেন বলেছিলেন। ১টা লোককেও চাকরি দেননি। আর বাংলায় আমরা যখন চাকরি দিই, কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন।"
পরক্ষণেই মমতা মনে করিয়ে দেন, "আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম নিয়ে আমার বলার প্রয়োজন পড়ে না।"
মুখ্যমন্ত্রীর কথায়, "যদি বলতো ভুল রয়েছে, তাহলে সংশোধন করে দিতাম। ভুল তো যে কারও হতে পারে। যারা এক তরফা রায় দিয়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নেন, বলছে- ১ মাসের মধ্যে আট বছরের টাকা সুদ-সহ ফেরত দিতে হবে। যারা এতদিন স্কুলে পড়াল তাঁদের একটা সামাজিক সম্মান তৈরি হয়েছিল। এখন স্কুলের বাচ্চাগুলোকে কে পড়াবে? বিজেপির লোকজন?"
কটাক্ষের সুরে মমতা আরও বলেন, "সরকারি টাকায় চলবে, খাবে, সিকিউরিটি নেবে আর কলমের খোঁচায় অন্যের চাকরি খাবে। নিজের ছেলেমেয়ের চাকরিগুলো এভাবে গেলে কী করতে?"