দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশুই বড়দিন। ক্রিসমাসের আনন্দে মেতে রয়েছেন সকলেই। অন্যান্য বছরের থেকে এবারের ক্রিসমাসটা একটু আলাদা।
আগে যেভাবে বাইরের খাবার, কেক, ওয়াইনে জমে উঠতো ক্রিসমাস পার্টি, এবছর তেমনটা হবে না! করোনা পরিস্থিতিতে বাইরের খাবার খাওয়ার ঝুঁকি অনেকেই নিতে পারছেন না। তাহলে উপায়? দুশ্চিন্তার তো কোনও কারণ নেই, বাড়িতে নিজের রান্নাঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু জিনজারব্রেড কুকিজ।

এখন নিশ্চয় ভাবছেন যে কীভাবে বানাবেন এই কুকিজ? চিন্তার কোনও কারণ নেই, জিনজারব্রেড কুকিজ বানানোর রেসিপি রইল আপনাদের জন্য।
উপকরণ:
জিনজারব্রেড কুকিজ বানাতে ময়দা, চিনি, মাখন, ডিম, আদা পাউডার, দারুচিনি, বেকিং সোডা, জায়ফল গুঁড়ো, ভ্যানিলা নির্যাস, আর স্বাদ মতো নুনের প্রয়োজন।
পদ্ধতি:
১. একটি বাটিতে মাখন ও চিনি একসঙ্গে নিয়ে ভাল করে মেশাতে হবে।
২. তারপরে এর মধ্যে ডিম ও ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটিকে যেন অতিরিক্ত নাড়ানো না হয়।
৩. এবার বাটির মধ্যে ময়দা, আদা গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো, বেকিং সোডা, ও পরিমাণ মতো নুন দিতে হবে।
৪. আগে থেকে মেখে রাখা আটা দিয়ে একটি কুকি ডো বানিয়ে নিতে হবে। তারপর ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
৫. এরপর নিজের মনের মতো করে বিভিন্ন আকৃকির কুকি বানিয়ে ফেলুন আর তাদের ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ৮-১০ মিনিট বেক করে নিন।
তাহলে দেরি করবেন না, বাড়িতেই বানিয়ে ফেলুন মজাদার এই রেসিপি।