দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, স্নান-খাওয়া করে নেওয়া। অর্থাৎ প্রথমে স্নান, তারপর খাওয়া। কিন্তু অনেকেই খেয়ে উঠে তারপর স্নান করেন। বাড়িতে অলস সময় বা ছুটির দিনে অনেকেই একেবারে খেয়ে নিয়ে স্নান করেন। অনেকে আবার অভ্যাসের ফলেই এমনটা করে থাকেন। কিন্তু খাওয়ার পরে স্নান করলে তা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এমনকি দীর্ঘদিন এই অভ্যাস থাকলে বড় ধরনের অসুখও হতে পারে।
কী সমস্যা দেখা যায় খাওয়ার পরে স্নান করলে? আসুন জেনে নেওয়া যাক।
হজমের সমস্যা: খাওয়ার পরে সেই খাবার হজমের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সেই নির্দিষ্ট তাপমাত্রাতেই হজমের জন্য দরকারি পরিপাক ক্রিয়া সঠিকভাবে চলে। কিন্তু খাওয়ার পরে স্নান করলে ঠান্ডা জলের স্পর্শে শরীর ঠান্ডা হয়। ফলে প্রভাব পড়ে হজমের প্রক্রিয়ায়। ঠিকমতো খাবার হজম হয় না। ফলে অম্বল, বুক জ্বালার মতো সমস্যা দেখা যায়।
ডাক্তাররা বলছেন দীর্ঘদিন এই অভ্যাস থাকলে তার থেকে দীর্ঘমেয়াদী অসুখও হতে পারে। অনেক দিন ধরে খাওয়ার পরে স্নান করলে এই হজমের সমস্যা পাকাপাকিভাবে বাসা বাঁধতে পারে শরীরে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কী কারণে এই সমস্যা হচ্ছে। কিন্তু এই হজমের সমস্যা দীর্ঘদিন থাকলে তার খারাপ প্রভাব পড়ে স্বাভাবিক জীবনযাত্রায়।
হার্টের সমস্যা: শরীরের স্বাভাবিক রক্তচাপও একটা নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভর করে। কিন্তু খাওয়ার পরে স্নান করলে শরীরের তাপমাত্রার পরিবর্তন হয়। ফলে প্রভাব পড়ে রক্ত সঞ্চালনে। ফলে হার্টের চলাচল অস্বাভাবিক হয়। ভর্তি পেটে এই অস্বাভাবিক হার্ট চলাচল ক্ষতিকারক। এর ফলে দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা দেখা দিতে পারে।
তাহলে দেখছেন তো, খেয়ে উঠে স্নান করা শরীরের জন্য কতটা খারাপ। আপনি হয়তো অজান্তেই ডেকে আনছেন একাধিক বিপদ। তাই যে পরিস্থিতিই হোক না কেন, আগে স্নান করুন, তারপর খান। তাহলেই দেখবেন শরীর একদম সুস্থ রয়েছে।