
ফ্যাটি লিভার।
শেষ আপডেট: 5 July 2024 22:13
দ্য ওয়াল ব্যুরো: এদেশের প্রতি তিন জন ব্যক্তির মধ্যে একজন আক্রান্ত ফ্যাটি লিভারে। এবং এই ফ্যাটি লিভারের কারণেই টাইপ ২ ডায়াবেটিস-সহ একাধিক অসুখের দিকে এগিয়ে দিচ্ছে গোটা সভ্যতাকে। আজ, শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দিল্লির একটি অনুষ্ঠানে একথা বলেন।
জিতেন্দ্র সিং জানান, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটি সাধারণ লিভারের অসুখ হলেও, তা শেষ পর্যন্ত সিরোসিস এমনকি লিভার ক্যানসারেও পরিণত হতে পারে। তাছাড়াও এটি ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ-সহ নানা রোগ ডেকে আনে। তাঁর কথায়, 'একজন এন্ডোক্রিনোলজিস্ট হিসেবে আমি জানি, ফ্যাটি লিভারের সঙ্গে ডায়াবেটিস ও অন্যান্য অসুখের কী নিবিড় সম্পর্ক।'
তিনি আরও জানান, 'কেবল ভারত নয়, ইউরোপেও লাইফস্টাইল, ডায়েট এবং ওবেসিটির মতো গুরুত্বপূর্ণ সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা বাড়িয়েছে ঘরে ঘরে। এদেশে অবশ্য ওবেসিটি না থাকলেও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে বহু মানুষের। তবে অ্যালকোহলিক লিভার ডিজিজের সংখ্যাও কম নয়।'
কেন্দ্রীয় মন্ত্রী ব্যাখ্যা করেছেন যে, অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক, ফ্যাটি লিভার যেমনই হোক না কেন, অন্তিম পরিণতি দুইয়ের ক্ষেত্রেই সুবিধাজনক নয়। ফলে সময় থাকতে অসুখ নির্ণয় এবং তার প্রতিরোধ খুবই জরুরি। এ জন্য কম খরচে ডায়াগনস্টিক পরীক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। কমদামে সঠিক টেস্টই এই অসুখ রোখার প্রাথমিক পদক্ষেপ হতে পারে।
ফ্যাটি লিভার আসলে কী?
আমাদের লিভারে সকলেরই সাধারণ মাত্রায় ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থের উপস্থিতি থাকে। কিন্তু তা ৫ শতাংশের বেশি থাকলে, তখনই তা 'ফ্যাটি লিভার' নামক অসুখ হয়ে ওঠে। তবে ব্যাখ্যা করে বলতে গেলে, এটা আসলে কোনও অসুখ নয়। এটাকে অসুখের একটা ধাপ বলা যায়। কারণ প্রথমে ফ্যাটি লিভার দিয়ে শুরু হলেও, পরে তা লিভারের বড় সংক্রমণ ঘটানোর ঝুঁকি বাড়ায়। সেখান থেকে হতে পারে সিরোসিস, যার চূড়ান্ত পর্ব লিভার ক্যানসার। তার মানে এই নয় যে সমস্ত ফ্যাটি লিভার এভাবেই খারাপতম চেহারা নেবে। কিন্তু বিশ্বে মোট যত মানুষের ফ্যাটি লিভার আছে, তাঁদের মধ্যে ২০ শতাংশ মানুষের ফ্যাটি লিভার খারাপ দিকে যায়।
এই ফ্যাটি লিভার দু'রকমের হয়, অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক।
যাঁরা নিয়মিত বেশি অ্যালকোহল খান তাঁদের ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা স্বাভাবিক ভাবেই অনেক বেশি। লিভারের সঙ্গে মদের এই বৈরিতার কথা সকলেই প্রায় জানেন। লিভারের ধাতে যা সয় না তেমন কিছু খেলে ফ্যাট তো জমবেই। অ্যালকোহল ঠিক তেমনই একটা উপাদান। এর ফলে লিভার ফুলতে শুরু করে। ইনফ্ল্যামেশন হয়। পরের ধাপ ফাইব্রোসিস। এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চতুর্থ পর্যায় হল লিভার সিরোসিস বা লিভার ফেলিওর। মদ্যপান ছাড়াও যখন ফ্যাটি লিভারের লক্ষণ দেখা দেয়, তখন সেই রোগকে বলা হয় নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই রোগেও শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিস।
কীভাবে এড়াবেন ফ্যাটি লিভার?