আমেরিকার নাগরিকদের মাথাপিছু ১.৭৭ লক্ষ টাকা (২০০০ ডলার) করে দেওয়ার ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নীতি নিয়ে দেশজুড়ে ক্ষোভ প্রশমনে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

ট্রাম্প (ফাইল ছবি)
শেষ আপডেট: 10 November 2025 10:21
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দেশের প্রতিটি নাগরিককে (উচ্চ আয়সম্পন্নরা বাদে) মাথাপিছু ২০০০ ডলার করে দেওয়া হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২৮১ টাকা। রবিবার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার শুল্কনীতি থেকে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে, সেই লভ্যাংশ থেকেই নাগরিকদের এই অর্থ প্রদান করা হবে।
ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর একাধিক শুল্ক আরোপ করেছে। এর জেরে শুধু বিদেশ নয়, দেশের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছিল বলে বিশেষজ্ঞদের মত। সেই অভ্যন্তরীণ অসন্তোষ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বলে ধারণা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত কার্যকর করতে গেলে কংগ্রেসের অনুমোদন লাগবে।
ট্রাম্প জানিয়েছেন, ‘‘যাঁরা শুল্কের বিরুদ্ধে, তাঁরা আসলে বোকা। আমরা এখন বিশ্বের ধনীতম দেশ। সকলে আমাদের শ্রদ্ধা করে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই। স্টক মার্কেটের মূল্যও নজির গড়েছে। আমরা কোটি কোটি ডলার নিচ্ছি, শীঘ্রই তা দিয়ে বিপুল ঋণ শোধ করব।’’
তাঁর বক্তব্য অনুযায়ী, ধনী ও উচ্চ আয়ের নাগরিকদের এই তালিকার বাইরে রাখা হবে। অর্থাৎ, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মার্কিন নাগরিকরাই ওই ২০০০ ডলার করে পাবেন।
বর্তমানে মার্কিন সরকারের ঋণের পরিমাণ প্রায় ৩৭ লক্ষ কোটি ডলার। ট্রাম্প লিখেছেন, ‘‘আমেরিকায় এখন প্রচুর বিনিয়োগ হচ্ছে। কারখানাগুলি লাভ করছে। সেই লভ্যাংশ থেকেই প্রতিটি নাগরিককে ২০০০ ডলার করে দেওয়া হবে (উচ্চ আয়সম্পন্ন নাগরিক বাদে)।’’
তবে কবে থেকে এই অর্থ বিতরণ শুরু হবে বা কীভাবে তা বণ্টন করা হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেননি প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, এই সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের অনুমোদনই শেষ পর্যন্ত নির্ধারক ভূমিকা নেবে।
কয়েক মাস আগে মিসৌরির এক রিপাবলিকান সেনেটরও আমেরিকানদের ৬০০ ডলার করে দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন, যদিও তখন ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, শুল্ক থেকে আসা আয় আপাতত সরকারের ঋণ পরিশোধেই ব্যবহার করা হবে।