পহেলগাম হত্যাকাণ্ডের পর লস্করের তৈরি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ভারতের জন্য স্বস্তিদায়ক।

শেষ আপডেট: 18 July 2025 09:13
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam, Kashmir) ২৬ পর্যটককে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল দ্য রেজিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ (TRF-The Resistance Force) নামে একটি জঙ্গি সংগঠন। বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবার ছত্রছায়ায় থাকা টিআরএফ-কে মার্কিন প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করেছে। ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন বা এফটিও-র তালিকাভুক্ত করা হয়েছে টিআরএফ-কে।
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন স্পেশ্যালি ডেসিগনেট গ্লোবাল টেরোরিস্ট (এসডিজিটি)-রও তালিকাভুক্ত করা হয়েছে টিআরএফকে। তাঁর বক্তব্য, এই সিদ্ধান্তে স্পষ্ট পহেলগাম হত্যাকাণ্ডকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কী চোখে দেখছে। নিষিদ্ধ লস্কর তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে টিআরএফের মতো একাধিক সংগঠন গড়েছে। ভারতে নিষিদ্ধ সেই সংগঠনকে এবার মার্কিন প্রশাসনও কালো তালিকাভুক্ত করল।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে এক্স পোস্টে মার্কিন বিদেশ সচিব আরও বলেছেন, এই (পহেলগাম আক্রমণ) ২০০৮ সালে লস্কর-ই-তৈইবা পরিচালিত মুম্বই হামলার পর থেকে ভারতে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ ছিল। টিআরএফ ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে।
মার্কিন প্রশাসন বিদশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির পৃথক তালিকা মেনে কাজ করে। তাদের জঙ্গি নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহিষ্ণুতার নীতি মেনে বিশ্বের যে কোনও জায়গায় মার্কিন বাহিনী অভিযান চালিয়ে থাকে। ভারত এখনও এই ব্যাপারে মার্কিন সহায়তা চায়নি।
তবে পহেলগাম হত্যাকাণ্ডের পর লস্করের তৈরি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা ভারতের জন্য স্বস্তিদায়ক। পহেলগাম নিয়ে মার্কিন প্রশাসনের প্রাথমিক প্রতিক্রিয়া নয়াদিল্লিকে সন্তুষ্ট করেনি। দেশের মধ্যে তা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে সমালোচনা সইতে হয়। ট্রাম্প, মার্কো রুবিও, পহেলগাম নিয়ে কারও বিবৃতিতেই পাকিস্তানের নিন্দা ছিল না। উল্টে এর কিছুদিন পরেই পাক সেনাপ্রধানকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করে লাঞ্চ খাওয়ান ট্রাম্প।