ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 October 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯।
মঙ্গলবার আচমকাই কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্স। প্রবল কম্পনে মুহূর্তে তছনছ হয়ে যায় বহু এলাকা। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে অন্তত ৬৯ জনের, আহত প্রায় ১৫০।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেবু প্রদেশের বোগো শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সেখান থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে কম্পন। উপকূলবর্তী এলাকায় বিপদের আশঙ্কায় প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।
রাস্তার মাঝে বড় বড় ফাটল, ভেঙে পড়েছে অগণিত বাড়ির দেওয়াল। অনেক ভবন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেবু শহরের একাধিক পাথরের গির্জা ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ। ইতিমধ্যেই দানবান্তায়ান শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। আফটারশকও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার ফল আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের দ্রুত পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছেন তাঁরা।
বিশেষজ্ঞদের মতে, ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর মধ্যে অবস্থিত। ফলে ভূমিকম্প ও টাইফুন প্রায় নিত্যসঙ্গী। চলতি বছরের শুরুতে ফিলিপিন্সে একাধিক বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে তাতে হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এবার ভয়াবহ প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির চিত্র গোটা বিশ্বকেই নাড়া দিয়েছে।