ইজরায়েলি সেনার (IDF) দাবি, তেহরানের (Tehran) হৃৎপিণ্ডে অবস্থিত ‘ইরানি জঙ্গি শাসকের’ মূল নিয়ন্ত্রণ কক্ষগুলি লক্ষ্য করে একের পর এক শক্তিশালী বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ান
শেষ আপডেট: 3 March 2026 18:46
দ্য ওয়াল ব্যুরো: রণাঙ্গন এখন সরাসরি ইরানের (Iran Israel War) খাসতালুক। যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে সংঘাতের মাত্রা ছাড়াল সব সীমা। সোমবার গভীর রাতে ইরানের রাজধানী তেহরানের বুকে কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাল ইজরায়েলি বায়ুসেনা। ধুলোয় মিশিয়ে দেওয়া হল ইরানের প্রেসিডেন্সিয়াল অফিস (রাষ্ট্রপতির দফতর) এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদর দফতর।
ইজরায়েলি সেনার (IDF) দাবি, তেহরানের (Tehran) হৃৎপিণ্ডে অবস্থিত ‘ইরানি জঙ্গি শাসকের’ মূল নিয়ন্ত্রণ কক্ষগুলি লক্ষ্য করে একের পর এক শক্তিশালী বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ অভিযান শুরুর পর থেকে গত কয়েক দিনে দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০।
শুধু তেহরান নয়, বিস্ফোরণে কেঁপে উঠেছে কারাজ শহর এবং ইসফাহানও। রাতের অন্ধকারে তেহরানের আকাশ ঢেকে যায় ধোঁয়ায়, মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে বলে স্থানীয় সূত্রের খবর।
পাল্টা মারে ইরানও
ইজরায়েল যখন তেহরানে বোমাবর্ষণ করছে, ইরানও তখন হাত গুটিয়ে বসে নেই। সোমবার রাতে জেরুসালেমের আকাশে একের পর এক আলোর ঝলকানি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইজরায়েলি সেনার দাবি, ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখতে সক্রিয় রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ট্রাম্পের হুঁশিয়ারি
পরিস্থিতি আরও জটিল হয়েছে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায়। এই হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে সন্দেহ ওয়াশিংটনের। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই স্পর্ধার জবাব ‘খুব শীঘ্রই’ দেওয়া হবে। তাঁর কথায়, "আমেরিকা ঠিক কী করতে চলেছে, তা আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন।"
আমেরিকা ও ইজরায়েলের এই সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইরান এখন মরিয়া। পাল্টাপাল্টি এই আকাশযুদ্ধে পশ্চিমে এশিয়ার আকাশ এখন বারুদের গন্ধে ভারী। কূটনৈতিক মহলের আশঙ্কা, এই সংঘাত খুব দ্রুতই হয়তো পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে চলেছে।