বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আকাশ কালো করে থাকা বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে দুবাই সহ বহু এলাকায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত একটানা বৃষ্টি চলবে।
শেষ আপডেট: 19 December 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহিতে নাগাড়ে বৃষ্টিতে দেওয়াল ধসে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আকাশ কালো করে থাকা বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে দুবাই সহ বহু এলাকায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত একটানা বৃষ্টি চলবে। রাস আল খাইমাহ্-তে দেওয়াল ভেঙে ২৭ বছরের সলমন ফৈজ নামে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে।
আবহাওয়ার খামখেয়ালিপনা ও দাপুটে চরিত্রে আরব উপসাগর ও ওমান সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ায় জনজীবনে প্রবল প্রভাব পড়েছে। দুবাই নগর কর্তৃপক্ষ জরুরি বিপর্যয় মোকাবিলা বিভাগকে তৈরি থাকতে বলেছে। সরকারিভাবে নাগরিকদের অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে মানা করা হয়েছে। বহু কর্মী ওয়ার্ক ফ্রম হোম করছেন। বেশ কিছু উড়ান বাতিল ও দুর্যোগে পড়ে ঘুরপথে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টি বজ্রপাতের সতর্কতা জারি রয়েছে।
দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন শুক্রবার ১৩টি উড়ান বাতিল করেছে। পার্শ্ববর্তী শহর শারজায় বেশ কয়েকটি উড়ান দেরিতে চলাচল করে এবং কয়েকটি বাতিল করতে হয়েছে। রাতভর বৃষ্টিতে এদিন সকালে শারজার প্রধান রাস্তা প্লাবিত হয়ে যায়। ২০২৪ সালের এপ্রিলেও এরকম ঘটনার সাক্ষী থেকেছিল মরুশহর শারজা। এদিন ভোর থেকে দুবাইতে রাস্তা থেকে জল সরাতে নামানো হয়েছিল পাম্পিং ট্রাক। আবু ধাবিতেও বৃষ্টির প্রাবল্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দুবাইয়ের অভিষিক্ত যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম একটি অসাধারণ ভিডিও পোস্ট করেছেন দুর্যোগের সময়েও। যা দেখে নেটপাড়ার বাসিন্দাদের চোখ সার্থক হয়েছে। আর সেটা হল বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফার মাথায় বজ্রপাত। আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদানের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই বিরল ও নাটকীয় মুহূর্তটি দেখে সকলেই অভিভূত।