দুবাই প্রশাসনের তরফে জানানো হয়েছে, সতর্কবার্তা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিমানবন্দরে অপেক্ষারত বহু যাত্রীকে নিরাপত্তার জন্য নীচের সুড়ঙ্গপথে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ধোঁয়ার কুণ্ডলী ভেসে উঠতে দেখা যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 March 2026 15:06
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় যুদ্ধের উত্তেজনার (Middle East Tensions) মধ্যেই শনিবার সকালেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল দুবাই শহরে (Dubai Blast)। এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের (Dubai Airport) উড়ান পরিষেবা। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এই বিমানবন্দরে হঠাৎ পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক (Iran Israel War) ছড়িয়ে পড়ে। পরে কিছু উড়ান পরিষেবা ধীরে ধীরে চালু হলেও যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তবেই বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দুবাই প্রশাসনের তরফে জানানো হয়েছে, সতর্কবার্তা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিমানবন্দরে অপেক্ষারত বহু যাত্রীকে নিরাপত্তার জন্য নীচের সুড়ঙ্গপথে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ধোঁয়ার কুণ্ডলী ভেসে উঠতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
দুবাইভিত্তিক বিমান সংস্থা জানিয়েছে, মাঝে কিছুক্ষণ দুবাইয়ে আগত ও সেখান থেকে ছেড়ে যাওয়া সব উড়ান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে যাঁরা যাত্রার জন্য বুকিং করেছিলেন, তাঁদের নতুন করে তারিখ নির্ধারণ বা টাকা ফেরতের সুযোগ দেওয়া হয়েছে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিষেবা ফের চালু হয়েছে ধীরে ধীরে।
এর আগে সামাজিক মাধ্যমে বিমানবন্দরের উপর ধোঁয়া দেখা যাওয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও দুবাই প্রশাসন প্রথমে জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও বড় ধরনের ঘটনা ঘটেনি। পরে জানানো হয়, শহরের এক জায়গায় সামান্য ধ্বংসাবশেষ পড়ে একটি ছোট ঘটনা ঘটেছে, তবে তাতে কেউ আহত হননি।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুবাইয়ের আকাশসীমায় খুব কম সংখ্যক উড়ান চলাচল করতে দেখা গিয়েছে। অন্যদিকে বিমানবন্দরের সরকারি তথ্যভাণ্ডারে একাধিক উড়ান ওঠানামার সূচি দেখা গেলেও গড়ে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পশ্চিম এশিয়ার আরও কয়েকটি বিমানবন্দর দিয়ে উড়ান চালানোর ব্যবস্থা করা হয়েছে। এইসব শহর থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদগামী উড়ানও চালু রাখা হয়েছে, যাতে ভারতীয় যাত্রীরা দেশে ফিরতে পারেন।
পশ্চিম এশিয়ায় বহু দিক থেকে চলতে থাকা সংঘাতের অষ্টম দিনে এই বিস্ফোরণের খবর সামনে এল। গত সপ্তাহে সংঘর্ষ শুরু হওয়ার পর দুবাই বিমানবন্দরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং চার কর্মী আহত হন। ইরানের হামলায় শহরের বিলাসবহুল উপকূলবর্তী এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
একই সময়ে ইরানের রাজধানী তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, আর আমেরিকা আরও বড় আকারের হামলার সতর্কবার্তা দিয়েছে। সংঘাত দ্রুত থামার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।