Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ইদের উপহার! ইসলামিক ভ্রাতৃত্ব বজায় রাখতে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তান ও আফগানিস্তানের

ইদ-উল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আন্তর্জাতিক মহলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

ইদের উপহার! ইসলামিক ভ্রাতৃত্ব বজায় রাখতে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তান ও আফগানিস্তানের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 March 2026 12:30

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন পরেই ইদ-উল ফিতর (Eid ul Fitr)। এই উৎসবের আবহে সাময়িকভাবে সংঘাত থামানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান এবং আফগানিস্তান (Pakistan Afghanistan ceasefire)। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লা তারার বুধবার জানান, সৌদি আরব, কাতার এবং তুরস্ক-এর অনুরোধে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ইসলাম ধর্মের রীতি মেনে এই সৌজন্য দেখাচ্ছে পাকিস্তান। তবে সতর্কবার্তাও দিয়েছেন—এই সময়ের মধ্যে যদি আফগানিস্তান ড্রোন হামলা চালায় বা সন্ত্রাসমূলক কোনও কার্যকলাপ ঘটে, তাহলে তার কড়া জবাব দেওয়া হবে।

পাকিস্তানের এই ঘোষণার পরই আফগানিস্তানের তরফেও একই পদক্ষেপ নেওয়া হয়। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান, ইদের কথা মাথায় রেখে আফগানিস্তানও পাঁচ দিনের জন্য পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যাবে না।

উল্লেখ্য, গত সোমবার (১৬ মার্চ) কাবুল-এ বড়সড় এয়ারস্ট্রাইক চালায় পাকিস্তান। সেই হামলায় ৪০৮ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন ২৬৫ জন। পাকিস্তানের দাবি, লক্ষ্যবস্তু এলাকায় বিপুল পরিমাণ ড্রোন, অস্ত্র ও গোলাবারুদ মজুত ছিল। যদিও এই হামলার তীব্র প্রতিবাদ জানায় কাবুল। আফগান সরকারের পাল্টা অভিযোগ, পাকিস্তান একটি হাসপাতালে হামলা চালিয়েছে, যেখানে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, দুই দেশের এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সংস্থার মুখপাত্র ফারহান হক আশাপ্রকাশ করেছেন, এই যুদ্ধবিরতি শুধু পাঁচ দিনেই সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এর মেয়াদ আরও বাড়তে পারে। পাশাপাশি তিনি জানান, কাবুলের হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তনিও গুয়েতেরেস। তাঁর মতে, যুদ্ধে হাসপাতাল, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বা রোগীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবতা আইনের পরিপন্থী এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।


```