ট্রাম্প দু'সপ্তাহ আগেও একই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী তাঁকে কথা দিয়েছেন রাশিয়ার তেল আমদানি বন্ধ করা হবে।

ফাইল ছবি (গ্রাফিক্স- দ্য ওয়াল)
শেষ আপডেট: 20 October 2025 09:43
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিয়ে ভারতকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতীয় সময় রবিবার বেশি রাতে ট্রাম্প আবার বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) সঙ্গে আমার কথা হয়েছে। মোদী বলেছেন, তারা রাশিয়া থেকে আর তেল (Russian Oil) আমদানি করবেন না। এরপরই মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারত যদি কথা না রাখে তাহলে মার্কিন শুল্কতে তাদের চড়ামূল্য মিটিয়ে যেতে হবে।
ট্রাম্প দু'সপ্তাহ আগেও একই দাবি করেছিলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী তাঁকে কথা দিয়েছেন রাশিয়ার তেল আমদানি বন্ধ করা হবে।
যদিও ভারত স্পষ্ট জানায়, প্রধানমন্ত্রী মোদী এমন কোন কথা মার্কিন প্রেসিডেন্টকে দেননি। তবে বিভিন্ন কারণে গত মাসে রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ খানিকটা কমেছে। তার সঙ্গে শুল্ক বিবাদ এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির কোন সম্পর্ক নেই।
রবিবার ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সফর করার সময় সঙ্গী সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। একজন সাংবাদিক তাঁকে বলেন, ভারত জানিয়েছে তারা রাশিয়ার থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করবে না। এই ব্যাপারে আপনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কোন কথা হয়নি বলেও নয়া দিল্লি দাবি করেছে।
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তাই হয়ে থাকে তাহলে ওদেরকে চড়া মূল্যে শুল্ক মিটিয়ে যেতে হবে। কোনও কোনও মহলের ধারণা, ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়িয়ে দিতে পারেন, যা তিনি চিনের ক্ষেত্রে করেছেন।
করোনার পর থেকেই রাশিয়ার থেকে ভারত জ্বালানি তেল আমদানি করছে। রুশ তেল কোম্পানিগুলি আন্তর্জাতিক মূল্যের থেকে অনেক কম দামে ভারতকে তেল বিক্রি করছে। আমেরিকার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত আসলে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে। যদিও, নয়া দিল্লির কর্তারা মনে করছেন, রাশিয়ার তেল পরিশোধনের পর তা আন্তর্জাতিক বাজারে বিক্রি আটকাতেই ট্রাম্প পরক্ষে এই চাপ তৈরি করেছেন। তাঁর এই সিদ্ধান্ত আসলে ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করা।
এ মাসের গোড়ায় প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনে কথা হয়েছিল। তারপরই ট্রাম্প দাবি করেন, তাঁদের আলোচনায় রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানির প্রসঙ্গটিও এসেছিল। তিনি আরও দাবি করে বসেন, ভারতের প্রধানমন্ত্রী তাকে কথা দিয়েছেন রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়া হবে। ভারত যদিও এই দাবি মানেনি। কিন্তু ট্রাম তার অবস্থানে অনড়।