সুপ্রিম কোর্টের রায়ের পর বড় ঘোষণা! নিজের ‘নতুন হিরো’-র নাম সামনে আনলেন ডোনাল্ড ট্রাম্প। কেন এই মন্তব্য? বিস্তারিত পড়ুন।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 22 February 2026 08:04
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শুল্কনীতি নিয়ে ধাক্কা খাওয়ার পর নতুন করে শিরোনামে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আদালতের এই রায়ের পরই তিনি নিজের ‘নতুন নায়ক’-এর নাম প্রকাশ্যে আনেন। ট্রাম্প জানিয়েছেন, তাঁর নতুন হিরো হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানফ (Brett Kavanaugh)।
নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ পোস্ট করে ট্রাম্প লেখেন, “আমার নতুন হিরো হলেন বিচারপতি ব্রেট কাভানফ, এবং অবশ্যই বিচারপতি ক্ল্যারেন্স থমাস (Clarence Thomas) ও স্যামুয়েল আলিটো (Samuel Alito)।” তিনি আরও দাবি করেন, এই বিচারপতিরা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (Make America Great Again) ভাবনার পক্ষেই দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট (United States Supreme Court) ৬–৩ ভোটে রায় দেয় যে, প্রেসিডেন্ট যে আইনের ভিত্তিতে শুল্ক আরোপ করেছিলেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (International Emergency Economic Powers Act বা IEEPA), সেই আইন এই ধরনের শুল্ক আরোপের অনুমতি দেয় না।
তবে এই রায়ে তিন বিচারপতি—ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো এবং ব্রেট কাভানফ একমত হননি। তাঁদের বক্তব্য, আইনের নিয়ম, অতীতের উদাহরণ এবং ব্যাখ্যা অনুযায়ী প্রেসিডেন্টের শুল্ক আরোপ করা বৈধ বলেই মনে হয়।
সুপ্রিম কোর্টের রায়ের পর প্রথম সাংবাদিক বৈঠকেও এই তিন বিচারপতিকে প্রকাশ্যে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, “আপনাদের শক্তি এবং দেশের প্রতি ভালবাসার জন্য ধন্যবাদ। আপনারা যে ভিন্নমত দিয়েছেন, তা পড়লে কেউ এর বিরোধিতা করতে পারবে না।”
ট্রাম্প আরও দাবি করেন, বিচারপতি কাভানফ তাঁর ভিন্নমতে এমন কিছু আইনের উল্লেখ করেছেন, যা প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়।
উল্লেখ্য, এর মধ্যেই ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর প্রশাসন নতুন এবং আইনসম্মত শুল্ক কাঠামো নির্ধারণ ও ঘোষণা করবে।