খাবারের আগে মাত্র কয়েক মিনিট ফাইবার-সমৃদ্ধ একটা জম্পেশ স্যালাড হতে পারে বেস্ট হেলদি চয়েস।

শেষ আপডেট: 22 June 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে দুপুর বা রাতের খাবার মানেই পেটভরে, স্বাদে-সান্ত্বনায় জমে যাওয়া একবেলা। কিন্তু দ্রুত খাওয়া হোক বা পেট ভরানোর তাগিদে কিংবা প্রিয় ভাত-রুটি-তরকারির দিকে ঝুঁকে আমরা প্রায়শই একটা জিনিস এড়িয়ে যাই, তা হল, স্যালাড। অথচ খাবারের আগে মাত্র কয়েক মিনিট ফাইবার-সমৃদ্ধ একটা জম্পেশ স্যালাড খাওয়াই হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি সহজ এবং কার্যকর উপায়।
শুধু ডায়াবেটিস নয়, আজকের প্রজন্ম তাদের শরীর নিয়ে ভীষণই সচেতন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন খাবার শুরুর আগে স্যালাড খাওয়ার হেলদি অভ্যাস আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, হজমেও সাহায্য করে। অনেকক্ষণ পেট ভরিয়েও রাখে।
কেন স্যালাড খাওয়ার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে?
পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চাল জানাচ্ছেন, রুটি বা ভাতে থাকা কার্বোহাইড্রেট হজম হওয়ার সময় ভেঙে গ্লুকোজে পরিণত হয়। তা দ্রুত রক্তে মিশেও যায়, যার ফলে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায়।
তবে খাবারের আগে স্যালাড খেলে সেই প্রক্রিয়াটা ধীর গতিতে হয়, কারণ স্যালাডে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণের গতি কমিয়ে দেয়। ফলে শরীরে ধীরে ধীরে তা ছড়ায়, অতিরিক্ত ইনসুলিন খরচ করার প্রয়োজন হয় না শরীরের — যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।
রোজের স্যালাডকে আরও বেশি হেলদি করে তুললে স্বাস্থ্যের পাশাপাশি স্বাদের পরিবর্তনও হবে। বেশ কিছু জিনিস মিশিয়ে এই স্যালাডকে অন্যরকম করে তুলতে পারেন।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (Extra virgin olive oil): এটি হার্ট-ফ্রেন্ডলি ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সামান্য লেবুর রস আর চাট মশলার সঙ্গে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে ড্রেসিং হিসেবে ব্যবহার করলে স্বাদ যেমন বাড়ে, উপকারও তেমন।

পাতাযুক্ত সবজি (Leafy vegetables): পালং শাক, লেটুস বা বাঁধাকপি- এই সবই কম কার্বযুক্ত, ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। ফলে এগুলি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে।

পনির (Paneer): উচ্চমাত্রার প্রোটিন খাবারের প্লেটের পরিপূর্ণতা বাড়ায় এবং হজমের গতিকে ভারসাম্য দেয়। কাঁচা বা হালকা গ্রিল করে খেতে পারেন।

ডাল ও স্প্রাউটস (Legumes and sprouts): মুগ, ছোলা, রাজমা- এগুলোতে প্রচুর ফাইবার ও উদ্ভিজ্জ প্রোটিন থাকে। যাঁরা পনির খেতে চান না, তারা এটি অপশনে রাখতেই পারেন। অঙ্কুরিত করলে বা কল বেরোনো ছোলাতে তো পুষ্টিগুণ আরও বাড়ে।

বাদাম ও বীজ (Seeds and Nuts) আমন্ড, আখরোট, তিসি বা কুমড়োর বীজ যেমন কুড়মুড়ে টেক্সচার দেয়, তেমনই হেলদি ফ্যাট ও মিনারেলসের ভরপুর। তবে পরিমাণ নিয়ে সতর্ক থাকুন।