
শেষ আপডেট: 4 November 2023 20:05
দ্য ওয়াল ব্যুরো: পৌষের শীতে উষ্ণ থাকতে কেউ নিজেকে ঢেকে রাখছেন গরম জামাকাপড়ে, কেউ চুমুক দিচ্ছেন চলকে ওঠা মদের গ্লাসে। শীতকাল এল মানেই জমিয়ে মদ্যপানের আসর নয় বরং শরীর উষ্ণ রাখবে এমন পানীয় বাড়িতেই বানিয়ে নিন। স্বাদেও দারুণ, পুষ্টিকরও বটে।
গলা অবধি মদ্যপান করে মাতাল হলেই শীত কাটবে না, বরং লিভারের বারোটা বাজবে। ‘খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও..’ এতে চোখে সর্ষেফুলই দেখতে হবে আর মাথা ঝিমঝিমই করবে। লাভের লাভ খুব একটা হবে না। তার চেয়ে আয়েস করে বাড়িতে বসে এইসব জাদু পানীয়তে চুমুক দিয়েও হয়ে উঠতে পারেন নীরোগ। শীতের আয়েস মাথায় রেখেই পুষ্টিবিদরা হদিশ দিলেন এমন কিছু পানীয়ের পুষ্টিকর ও বলবর্ধক। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
শীতকালে শরীর গরম রাখবে এমন পানীয় কী কী?
কাঠবাদামের দুধ
ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই থাকে কাঠবাদামের দুধে। পেশিকে শক্তিশালী করে ও প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। হাড় আরও মজবুত ও শক্তিশালী করে তোলে এই দুধ। হার্ট ভাল রাখতেও সাহায্য করে কাঠবাদাম দুধ।
কাওয়া
এই বিশেষ কাশ্মীরি পানীয় হল সবুজ চা পাতা, জাফরান, দারচিনি, এলাচ, কাজু, খেজুর বা পাইন বাদামের মতো শুকনো ফলের সঙ্গে লবঙ্গের সুগন্ধযুক্ত মিশ্রণ। বাদাম এবং মশলা দেওয়ার ফলে স্বাদ এবং পুষ্টিগুণে এটি একটি বিখ্যাত শীতকালীন পানীয় হয়ে উঠেছে। শীতকালে এটি শরীর উষ্ণ রাখতে সাহায্য করার পাশাপাশি অনাক্রম্যতা বৃদ্ধিতেও বিশেষ সহায়ক।
হলদি দুধ
দুধের সঙ্গে হলুদ দিয়ে তৈরি ম্যাজিক ড্রিঙ্ক। তবে শুধু দুধ আর হলুদ নয়, পুষ্টিগুণ সম্পন্ন নানা ভেষজ আর মশলা যেমন দারচিনি, আদা, কালো মরিচও থাকবে এই পানীয়তে। প্রত্যেকটি উপাদানই অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা সাধারণ ঠাণ্ডা লাগার ধাত থেকে দূরে রাখবে শরীরকে। এই শীতে ঠাণ্ডা লেগে যদি কারও কাঁচা সর্দির সমস্যা হয়, তবে তার জন্য অব্যর্থ এই পানীয়।
আদা দিয়ে চা
আয়ুর্বেদে আদার কদর বরাবর। কারণ আদায় থাকা পুষ্টি উপাদান জিঞ্জারল আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম সমস্যাকে দূরে রাখে, প্রদাহ রোধ করে। এই জিঞ্জারল আসলে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটি উপাদান, যার ঔষধি গুণ শরীরকে সার্বিক ভাবে ভাল রাখে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে।
শিরা
মূলত উত্তর ভারতে এর প্রচলন বেশি। শীতের মরসুমে প্রস্তুত করা হয় কারণ এটি গলা ব্যথা, সর্দি-কাশি এবং জ্বর নিরাময় করে। গুড়, গোলমরিচ এবং হলুদ যোগ করে শীতের সময়ে শিরা খেতেও বেশ ভাল লাগে। তা ছাড়া, এই আবহাওয়ায় শরীরকে প্রয়োজনীয় উষ্ণতা দিতে সাহায্য করে এটি। শিরা হল মূলত ঘি, বেসন, দুধ, হলুদ, গুড় এবং গোলমরিচের একটি সুস্বাদু মিশ্রণ।