
শেষ আপডেট: 30 December 2023 16:23
দ্য ওয়াল ব্যুরো: অনেকক্ষণ খুন্তি নাড়িয়ে রান্না করতে গিয়ে দেখলেন কব্জিতে ভয়ানক টান ধরছে। জামাকাপড় কাচা, ঘর পরিষ্কারের সময় হয়ত দেখলেন হাত কাঁপছে, অল্পেই ব্যথা হয়ে যাচ্ছে। লেখার সময় আঙুলে টান ধরছে, মোবাইল হাতে ধরে রাখলেই হাত কাঁপছে। এমন সব উপসর্গ যদি দেখা দেয়, তাহলে আর দেরি না করে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভাল। চিকিৎসকরা বলছেন, এসবই হল কারপাল টানেল সিনড্রোমের লক্ষণ।
কারপাল টানেল সিন্ড্রোম কব্জির প্রদাহজনিত রোগ। এক্ষেত্রে হাতের কব্জি, হাতের তালু ও আঙুলগুলো অসাড় হয়ে যায়, ঝিনঝিন করে। হাত ফুলে যায়। কিছু ধরতে গেলে মনে হয় বিদ্যুতের শক লাগল। হাতের তালুকে কারপাল টানেল বলা হয়ে থাকে। কারপাল টানেল সিন্ড্রোম এক হাতে বা দুই হাতেই হতে পারে।
হাতের তালুর মিডিয়ান নার্ভে চাপ বেশি পড়লে এই রোগ হতে পারে। একে চিকিৎসার পরিভাষায় মিডিয়ান নার্ভ কম্প্রেশনও বলে। বেশিরভাগ ক্ষেত্রে, কারপাল টানেল সিন্ড্রোম সময়ের সাথে সাথে আরও খারাপ দিকে যায়, স্নায়ুর ক্ষতি করে। মেয়েদের মধ্যে এই সমস্যার প্রবণতা বেশি হয়। বিশেষ করে, গর্ভাবস্থায় কারপাল টানেল সিনড্রোমের ঝুঁকি বাড়ে।
কী কী কারণে এই রোগ হতে পারে?
১) উচ্চ রক্তচাপ
২) গর্ভকালীন সময় ও মেনোপজের পর মহিলাদের এই সমস্যা বেশি হতে পারে
৩) থাইরয়েডের সমস্যা
৪) ডায়াবেটিস
৫) কব্জিতে সমস্যা
৬) অটোইমিউন ডিসঅর্ডার (আর্থ্রাইটিস)
৭) কী-বোর্ড বা মাউস ব্যবহার করার সময় হাত ও কব্জির অবস্থান ঠিক জায়গায় না হলে
৮) দীর্ঘ সময় ধরে বারবার একই কাজ করলে
৯) বেশি ভারী জিনিস ওঠালে, হাতে চাপ বেশি পড়লে
১০) কারও কারও ক্ষেত্রে এটি বংশগত হতে পারে।
উপসর্গ কী কী
১) হাতে ব্যথা, তালুতে জ্বালাভাব
২) হাতের আঙুল অসাড় হয়ে যেতে পারে
৩) হাতের পেশির দুর্বলতা
৪) রাতে কব্জিতে ব্যথা, হাতের পেশিতে টান ধরা
চিকিৎসরা বলছেন, নির্মাণ শ্রমিক, উৎপাদন শিল্পের কাজে জড়িত কর্মীদের এই সমস্যার আশঙ্কা বেশি। তা ছাড়া, যাঁরা ডেস্কে বসে কাজ করেন, তাঁদের মধ্যে মাউস বা কী-বোর্ডের ব্যবহার বেশি হলেও এই ধরনের অসুবিধা হতে পারে। মহিলাদের রান্না করা, জামাকাপড় ধোওয়া ইত্যাদি কাজে যি হাতে চাপ বেশি পড়ে তাহলে এই রোগ হতে পারে।
রোগীর কেমন উপসর্গ দেখা দিচ্ছে সেই বুঝে চিকিৎসা করা হয়। নানারকম চিকিৎসা পদ্ধতি আছে যেমন, স্টেরয়েড, ফিঝিওথেরাপি, যোগা, আলট্রাসাউন্ড থেরাপি। প্রয়োজন হলে সার্জারিও করা যেতে পারে।