Cut summer power bills: গরমে এসি, ফ্রিজ, ফ্যান সারাক্ষণ চললেও কিছু সহজ অভ্যাস মানলেই কমতে পারে বিদ্যুতের বিল।
এসি ব্যবহার থেকে ফ্রিজের সেটিং—এই কয়েকটি টিপস মেনে চললে গরমেও সাশ্রয় হবে বিদ্যুতে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 12 March 2026 16:11
দ্য ওয়াল ব্যুরো: গরম পড়লেই বাড়ে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজ—সবই তখন প্রায় সারাক্ষণ চলে। ফলে মাসের শেষে বিদ্যুতের খরচ (Electricity Bill) দেখে নাভিশ্বাস ওঠে অনেকেরই। কিছু সহজ ও বাস্তবসম্মত উপায় মেনে চললে গরমের মধ্যেও বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব। এতে যেমন খরচ কমবে, তেমন অযথা বিদ্যুতের অপচয়ও আটকানো যাবে।
বুদ্ধি করে ব্যবহার করুন এসি (Air Conditioner)
গরমের সময় অনেকেই এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দেন। বিশেষজ্ঞদের মতে, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখাই উপযুক্ত। মাত্র এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
এসি চালানোর সময় সিলিং ফ্যান (Ceiling Fan) কম গতিতে চালালে ঠান্ডা হাওয়া ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মাঝারি তাপমাত্রাতেও ঘর ঠান্ডা থাকে এবং এসির উপর চাপ কম পড়ে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এসির এয়ার ফিল্টার (AC Air Filter) পরিষ্কার রাখা। অন্তত ১৫ দিন অন্তর ফিল্টার পরিষ্কার করা উচিত। ফিল্টার নোংরা থাকলে মোটরের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং এসি বেশি বিদ্যুৎ খরচ করে।
প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখুন
বিদ্যুতের ব্যবহার কমাতে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করুন। দিনের বেলা বিশেষ করে দুপুরে সরাসরি রোদ ঘরে ঢুকলে ঘরের তাপমাত্রা বেড়ে যায়। তাই পর্দা (Curtains) টেনে রাখুন, এতে ঘরের ভেতরের তাপ অনেকটাই কম থাকে।
বিশেষ করে দুপুর ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারী বা গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে সরাসরি রোদ আটকানো যায়। আবার সন্ধ্যার পরে জানালা খুলে দিলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢোকে। এতে রাতে এসি চালানোর প্রয়োজন অনেক সময় কমে যায়।
যাঁরা বাড়ির একেবারে উপরের তলায় থাকেন, তাঁদের ক্ষেত্রে ছাদে সাদা প্রতিফলক রঙ (Reflective White Paint) লাগালে ঘরের তাপমাত্রা কিছুটা কম রাখা সম্ভব।
অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখুন
অনেক সময় টিভি, ল্যাপটপ চার্জার বা মাইক্রোওভেন (Microwave) বন্ধ থাকলেও স্ট্যান্ডবাই মোডে (Standby Mode) বিদ্যুৎ খরচ করতে থাকে। তাই ব্যবহার না হলে এই ধরনের ইলেকট্রনিক যন্ত্রের প্লাগ খুলে রাখা বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ভাল।
ফ্রিজ ব্যবহারে সতর্কতা দরকার
ফ্রিজ (Refrigerator) ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। ফ্রিজের পিছনে দেওয়ালের সঙ্গে অন্তত ছয় ইঞ্চি ফাঁক রাখা উচিত, যাতে তাপ সহজে বেরিয়ে যেতে পারে।
শীতকালের মোড থেকে ফ্রিজকে গরমকালের মোডে (Summer Mode) পরিবর্তন করলেও বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া বারবার ফ্রিজের দরজা খোলা বা গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। এতে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে ফ্রিজকে বেশি শক্তি খরচ করতে হয়।
এলইডি বাল্ব ব্যবহার করুন
পুরনো ফিলামেন্ট বাল্ব (Filament Bulb) বা টিউবলাইটের বদলে এলইডি বাল্ব (LED Bulb) ব্যবহার করলে বিদ্যুতের খরচ অনেকটাই কমে। এলইডি কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি আলো দেয়, ফলে দীর্ঘমেয়াদে এটা অনেক বেশি সাশ্রয়ী।
সব মিলিয়ে, সামান্য সচেতনতা ও কয়েকটি ছোট অভ্যাস বদলে গরমের দিনে বিদ্যুতের বিল অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।