চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে বিপর্যয় বার্সেলোনার! পাউ কুবার্সি দেখলেন লাল কার্ড। হুলিয়ান আলভারেজের গোলে জয়ী আতলেতিকো মাদ্রিদ। রেফারি ও ভিএআর নিয়ে কেন ক্ষোভ উগরে দিলেন হান্সি ফ্লিক? বিস্তারিত পড়ুন।
.jpeg.webp)
বার্সাকে বাঁচাতে পারলেন না ইয়ামাল
শেষ আপডেট: 9 April 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে মরসুমের প্রথম হার। লাল কার্ডের ধাক্কা। দুই গোল হজম। চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার (Barcelona) রাতটা এককথায় বলতে গেলে দুঃস্বপ্নের। আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) জিতল ২-০। দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার। সেই ম্যাচে অলৌকিক প্রত্যাবর্তন না হলে এবারের সেমিফাইনালের রাস্তা বার্সার জন্য বন্ধ।
প্রথমার্ধের আগাগোড়া লড়াই বার্সার নিয়ন্ত্রণে ছিল। মার্কাস রাশফোর্ড (Marcus Rashford) বাম উইং থেকে বারবার বিপদ তৈরি করছিলেন। লামিন ইয়ামাল (Lamine Yamal) তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে সুযোগ বানাচ্ছিলেন। আতলেতিকো চাপে ছিল।
তারপর একটা মুহূর্ত সব হিসেব অদলবদল। ১৯ বছরের ডিফেন্ডার পাউ কুবার্সি (Pau Cubarsi) গোলমুখে ছুটে আসা জিউলিয়ানো সিমিওনেকে (Giuliano Simeone) পিছন থেকে ধাক্কা মারলেন। প্রথমে হলুদ কার্ড। তারপর ভিএআর দেখে রেফারি সেটা বদলে লাল করলেন। দশ জনে নেমে গেল বার্সা। আর সেই ফ্রি কিক থেকে হুলিয়ান আলভারেজ (Julian Alvarez) নিখুঁত দক্ষতায় সরাসরি বল জড়ালেন জালে। গোল!
দ্বিতীয়ার্ধে বার্সা দশ জনে লড়াই করেছে, সু্যোগ তৈরি হয়েছে। কিন্তু দ্বিতীয় গোল আটকাতে পারেনি। আলেকজান্ডার সোরলোথ (Alexander Sorloth) গ্রিজম্যান ও রুজিয়েরির সঙ্গে মিলিতভাবে আক্রমণ গড়ে ফের জাল কাঁপান। ম্যাচ শেষ হতে তখন ২০ মিনিট বাকি।
বার্সার কোচ হান্সি ফ্লিক (Hansi Flick) লড়াই শেষে রাগ লুকোতে পারেননি। জানিয়ে দেন, আতলেতিকোর মার্ক পুবিলের হাতে বল লেগেছিল দ্বিতীয়ার্ধে—ভিএআরের সেটা নজরে আসেনি। অথচ বার্সার লাল কার্ড দেখেছে। ব্যঙ্গের সুরে জার্মান ম্যানেজার বললেন, ‘ভিএআর আজ আতলেতিকোর দিকে বেশি মনোযোগী ছিল। রেফারি জার্মান—ধন্যবাদ জার্মানি!’
অন্যদিকে রীতিমতো উচ্ছ্বসিত আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে (Diego Simeone)। ১৪ বছরের কোচিং কেরিয়ারে এই প্রথম ক্যাম্প ন্যুয়ে জিতলেন। আতলেতিকো শেষবার এই মাঠে জিতেছিল ২০০৬ সালে।
বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয় ২০১৫ সালে। গত মরসুমে সেমিফাইনাল পর্যন্ত এসেছিল। এবার মাদ্রিদে গিয়ে দুই গোলের ঘাটতি কাটাতে হবে। অধিনায়ক রোনাল্ড আরাউহো জানেন কাজ কতটা চ্যালেঞ্জিং। বলছেন, ‘লড়াই কঠিন হবে। কিন্তু আমরা পারব!’
আতলেতিকো কখনও চ্যাম্পিয়নস লিগ জেতেনি। ২০১৪ ও ২০১৬ সালে ফাইনালে হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে। এবার আরেকটা সু্যোগ জুটলেও জুটতে পারে। এই সিজনের পরেই ক্লাব ছাড়ছেন স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান। ইউরোপ জিতেই আমেরিকায় এমএলএস খেলতে চাইবেন ফরাসি তারকা। যদিও জানেন, লড়াই এখনও শেষ হয়নি। সবকিছু মেপেই বললেন, ‘সেমিফাইনাল এখনও অনেক দূরে। আমাদের পা মাটিতে রেখে এগোতে হবে!’