২৭ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় গোয়ার ক্লাব। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল বনাম ডেম্পো
শেষ আপডেট: 25 October 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: একদিন আগেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বলেছিলেন, সুপার কাপ (Super Cup 2025) জিতে সমর্থকদের উপহার দিতে চান তিনি। কিন্তু শনিবার তাঁর ছাত্রদের দেখে মনে হল না সেটা সম্ভব হবে। সুপার কাপে অভিযান শুরুতেই ডেম্পোর সঙ্গে ড্র করে হোঁচট খেল ইস্টবেঙ্গল (Super Cup 2025)।
আইএফএ শিল্ড ফাইনালে টাইব্রেকারে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল লাল-হলুদকে। তবে সেদিন মিগুয়েল, রশিদরা যা পারফরম্যান্স দেখিয়েছিলেন, তার সিকি ভাগও এদিন খেলতে পারেননি পদ্মা পাড়ের ক্লাবের ফুটবলাররা।
গোয়ার ক্লাব ডেম্পো বেশ কয়েক বছর পর এবার আই লিগ খেলবে। বহুদিন ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে দূরে সরে থাকা এই ক্লাব এবার সুপার কাপ খেলতে নেমেছে প্রধানত অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে। দলে ছিলন না কোনও বিদেশিও। তারাই এদিন আটকে দিল আইএসএলের ক্লাব ইস্টবেঙ্গলকে। শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে দশ বছর আগে আই লিগের ম্যাচে। পাঁচ বারের আই লিগ জয়ী ডেম্পোর সঙ্গে এদিন ইস্টবেঙ্গল ড্র করল ২-২ গোলে।
শনিবার প্রথম সুযোগটা অবশ্য পেয়েছিল মশাল ব্রিগেডই। ২ মিনিটে জাপানি স্ট্রাইকার হিরোশির ইবুসুকির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৬ মিনিটে ফের ইস্টবেঙ্গল সুযোগ পেলেও রক্ষক হয়ে দাঁড়ান ডেম্পোর গোলরক্ষক আশিস সিবি। এরপরও আক্রমণ বজায় রেখেছিল ব্রুজোঁর ছাত্ররা।তবে ২৭ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় গোয়ার ক্লাব। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে স্কোর লাইন ১-১ করেন নাওরেম মহেশ। ৫৭ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মিগুয়েল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে ফের গোল খেয়ে বসে মশাল ব্রিগেড। ৮৯ মিনিটে রানের গোলে সমতায় ফেরে ডেম্পো। এরপর আর কোনও গোল না হওয়ায় ২-২ সমতাতেই শেষ হয় ম্যাচ।