সৌদি প্রো লিগের রেফারিং নিয়ে তোলপাড়! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আল-নাসেরকে জেতাতে কি কারসাজি চলছে? আল-আহলির বিস্ফোরক বিবৃতি এবং আইভান টনিদের দাবি ঘিরে উত্তাল ফুটবলমহল। বিস্তারিত পড়ুন।
.jpeg.webp)
রোনাল্ডো
শেষ আপডেট: 10 April 2026 13:05
দ্য ওয়াল ব্যুরো: সৌদি প্রো লিগে (Saudi Pro League) শিরোপার লড়াই তুঙ্গে। আর ঠিক এই সময় উঠল মারাত্মক অভিযোগ। মোদ্দা ইস্যু: রেফারিরা পক্ষপাত দেখাচ্ছেন, বিতর্কিত সিদ্ধান্তে খেতাবি দৌড়ে এগিয়ে দেওয়া হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল-নাসেরকে। অভিযোগের তির ছুড়েছে আল-আহলি—বুধবার আল-ফায়হার বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়েছে তারা। সরব ভক্ত, বিশেষজ্ঞ ও ফুটবলারদের বড় অংশ।
আল-আহলির বিবৃতিতে কী লেখা?
আল-আহলির (Al-Ahli) সরাসরি অভিযোগ—রেফারির ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। যার জেরে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে তারা৷ বিবৃতিতে লেখা, 'রেফারির সিদ্ধান্ত খেলার গতি ও ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। এই ধরনের ভুল প্রতিযোগিতার উন্নয়ন বা ন্যায্যতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।' হ্যান্ডবলের ঘটনা-সহ বেশ কয়েকটি বিতর্কিত মুহূর্তের ভিডিও প্রমাণ হিসেবে পোস্ট করা হয়েছে। পাশাপাশি ভিএআর ও রেফারির মধ্যে যোগসাজশের রেকর্ড প্রকাশের দাবি জানিয়েছে আল-আহলি।
'রোনাল্ডোকে লিগ জেতাতে কারসাজি'
এখানেই বিতর্ক আরও বড় আকার ধারণ করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রত্যক্ষ অভিযোগ—লিগ কারসাজি হচ্ছে, যাতে রোনাল্ডো ও আল-নাসের (Al Nassr) শিরোপা পায়। এক ভক্তের দাবি, 'আল-নাসেরের শেষ ম্যাচে দেওয়া পেনাল্টি দেখলেই বোঝা যাবে কী হচ্ছে। শিরোপার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বারবার ভুল সিদ্ধান্ত!’ বাদ যাননি ইংরেজ স্ট্রাইকার আইভান টনি। তিনিও একাধিকবার খোলাখুলি রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন৷
শিরোপার লড়াইয়ে বিশ্বাসযোগ্যতার সংকট
সৌদি লিগ গত কয়েক বছরে বিশ্বের বড় বড় তারকাকে টানতে পেরেছে—রোনাল্ডো, নেইমার, বেঞ্জেমা-সহ অনেক জমকালো মুখ। মোটা বেতনের পাশাপাশি প্রতিযোগিতার মান উন্নয়নও ছিল আয়োজকদের লক্ষ্য। কিন্তু রেফারিং নিয়ে চলতি বিতর্কে সেই পরিশ্রম প্রশ্নবিদ্ধ। যে লিগে শিরোপার লড়াইয়ে মাঠের বাইরের যোগসাজশ আলোচনায় আসে, তা কতটা বিশ্বাসযোগ্য, উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, রোনাল্ডো এবারের মরসুমে লিগে ২১ গোল করে গোলের দৌড়ে শীর্ষে। আল-নাসের শিরোপাজয়ের রেসে ফ্রন্টরানার। কিন্তু খেলার বাইরে অনৈতিক হস্তক্ষেপ নিয়ে যদি চর্চা থামানো না যায়, পর্তুগিজ মহাতারকা খেতাব জিতলেও প্রশ্ন কিন্তু থেকে যাবে।