আলাভেসের বিরুদ্ধে ম্যাচে ভিনিসিয়াস হয়ে ওঠেন রিয়ালের আক্রমণের প্রাণভোমরা। বাঁ-দিক দিয়ে বারবার দৌড়, রক্ষণ ভাঙা স্প্রিন্ট, আর শেষ পর্যন্ত ম্যাচের নির্ণায়ক মুহূর্তে অ্যাসিস্ট।
.jpeg.webp)
ভিনির সঙ্গে জাবি
শেষ আপডেট: 15 December 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: মাঠে তিন পয়েন্ট। মাঠের বাইরে একটা বার্তা। ডেপোর্তিভো আলাভেসকে (Deportivo Alavés) ২-১ হারিয়ে লা লিগায় (La Liga) জয়ের সরণিতে ফিরল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। কিন্তু ম্যাচের ফলাফলের থেকেও বেশি আলো কাড়ল শেষ মুহূর্তের দৃশ্য—ভিনিসিয়াস জুনিয়রের (Vinícius Jr) সঙ্গে জাবি আলোনসোর (Xabi Alonso) আলিঙ্গন।
৮৯ মিনিটে, ম্যাচ প্রায় হাতে। লিড ধরে রাখাই তখন একমাত্র লক্ষ্য। সেই সময় ভিনিকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আলোনসো। সাধারণত এই ধরনের বদল মানেই ভ্রু-কুঁচকানো, বিরক্তি কিংবা ঠান্ডা প্রতিক্রিয়া। কিন্তু এদিন ছবিটা উল্টো। সাইডলাইনে আসার পথে কোচের দিকে এগিয়ে গিয়ে ব্রাজিলীয় উইঙ্গার জড়িয়ে ধরলেন আলোনসোকে। দু’জনের সেই মুহূর্তের আলিঙ্গন কার্যত চুপ করিয়ে দিল সাম্প্রতিক ‘অশান্তি’-জল্পনা।
এই জয়ের আগে রিয়াল ছিল চাপের মধ্যে। কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ম্যানচেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরে প্রশ্নের মুখে পড়েছিল আলোনসোর দল। নতুন কোচ হিসেবে প্রথম মরসুম—কখনও কৌশলগত পরীক্ষা, কখনও চোট-আঘাত, কখনও অস্থির পারফরম্যান্স। সব মিলিয়ে বাইরের ‘আওয়াজ’ ছিল প্রবল।
এই আবহে আলাভেসের বিরুদ্ধে ম্যাচে ভিনিসিয়াস হয়ে ওঠেন রিয়ালের আক্রমণের প্রাণভোমরা। বাঁ-দিক দিয়ে বারবার দৌড়, রক্ষণ ভাঙা স্প্রিন্ট, আর শেষ পর্যন্ত ম্যাচের নির্ণায়ক মুহূর্তে অ্যাসিস্ট। রদ্রিগোর (Rodrygo) জয়সূচক গোলের পেছনে ছিল ভিনির নিখুঁত সেট-আপ। এমন পারফরম্যান্সের পর বদলি হওয়া মানেই সাধারণত হতাশা। কিন্তু সেই চেনা ছবি কাল দেখা গেল না।
ম্যাচের পর আলোনসো নিজেই বিষয়টি স্পষ্ট করলেন। জিএসএফএন-কে (GSFN) দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘ভিনির সঙ্গে ওই আলিঙ্গন? বাইরে অনেক কথা হয়, অনেক শব্দ থাকে। কিন্তু ড্রেসিংরুমের ভিতরে আমরা সবাই খুবই এককাট্টা।’এই এক লাইনের মন্তব্যেই যেন গোটা পরিস্থিতির সারাংশ। রিয়ালের অন্দরমহলে বিভাজনের গল্প, কোচ-তারকা সম্পর্কের টানাপড়েন—সব কিছুকে এক ঝটকায় অপ্রাসঙ্গিক করে দিল আলোনসোর বক্তব্য।
আলাভেসের বিরুদ্ধে এই জয় তাই শুধু লিগ টেবিলের পয়েন্ট বাড়াল না। মানসিক দিক থেকেও রিয়ালকে একটু স্বস্তি দিল। বিশেষ করে ম্যান সিটির হারের পর, যেখানে সমালোচনার তির ছিল তীক্ষ্ণ। এই ম্যাচ দেখাল—দল এখনও আলোনসোর সঙ্গে। আর সবচেয়ে স্পষ্ট বার্তাটা দিয়ে দিলেন ভিনিসিয়াস, যাঁকে ঘিরে হাজারো জল্পনা, লাখো গুঞ্জন!