তবে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল খালিদ জামিলের ছাত্ররা। অবশেষে ৯০ মিনিটে গোল করে দলের মান বাঁচালেন বাংলার রহিম আলি।

ভারত বনাম সিঙ্গাপুর
শেষ আপডেট: 9 October 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: ফিফা র্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত (India vs Singapore)। তবে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল খালিদ জামিলের ছাত্ররা। অবশেষে এএফসি এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচে (AFC Asian Cup Qualifiers) ৯০ মিনিটে গোল করে দলের মান বাঁচালেন বাংলার রহিম আলি।
খালিদ জামিল মেন ইন ব্লুজের হেডস্যার হওয়ার পর কাফা নেশনস কাপে দুরন্ত ফুটবল খেলে তৃতীয় হয়েছিল ভারত। এরপর ভারতীয় ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন ১৪০ কোটি দেশবাসী। কাফা নেশনস কাপে সাফল্য এলেও প্রকট হয়েছিল গোল করার ব্যর্থতা। সিঙ্গাপুরের বিরুদ্ধেও ভারতকে সেই ব্যর্থতারই খেসারত দিতে হল।
এদিন ভারত ফিরল পুরনো রোগে, যা দেখা যেত বিদেশি কোচদের আমলে। ছন্নছাড়া ফুটবল, পজিশন বোধের অভাব ফিরে এল জামিলের ছাত্রদের মধ্যে। এমনিতেই গত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে রাহুর দশা চলছে। এবারের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বও শুরু হয়েছিল হতশ্রী ভাবে। বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর হংকংয়ের কাছে হার। তখন অবশ্য কোচ ছিলেন মানোলো মার্কুয়েজ। এবার কোচ খালিদ। কিন্তু কোচ বদল হলেও এএফসি যোগ্যতা অর্জনপর্বে ফুটবলারদের পারফরম্যান্সের কোনও পরিবর্তন নেই।
এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতের কাছে সব ম্যাচই মরণ-বাঁচনের। কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে খালিদের ছাত্রদের মধ্যে মরিয়া ভাবটাই দেখা গেল না। প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিঙ্গাপুর। বারবার ভারতীয় রক্ষণকে বিব্রত করছিল গ্রুপ শীর্ষে থাকা দলটি। প্রথমার্ধের সংযোজিত সময়ে (৪৫+১) ইখসান ফান্ডির গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধেও খালিদের ছাত্রদের খেলায় কোনও পরিবর্তন দেখা যায়নি। বজায় থাকল ছন্নছাড়া ফুটবল, মিস পাস। অবশেষে সিঙ্গাপুর রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ৯০ মিনিটে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে ভারতের মান বাঁচান রহিম আলি।
এই ম্যাচের পর এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের সি গ্রুপে ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল সিঙ্গাপুর। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের লাস্ট বয় বাংলাদেশ।