সেরি আ-তে রোমাকে ৫-২ গোলে উড়িয়ে দিল ইন্টার মিলান। চোট সারিয়ে ফিরেই জোড়া গোলে সান সিরোয় নায়ক লাউতারো মার্টিনেজ। লিগ টেবিলের শীর্ষে ৯ পয়েন্টে এগিয়ে গিয়ে খেতাবের আরও কাছে ইন্টার। বিস্তারিত পড়ুন।

নায়ক মার্টিনেজ
শেষ আপডেট: 6 April 2026 12:09
দ্য ওয়াল ব্যুরো: সান সিরো ময়দানে গোলবন্যা। কিন্তু একতরফা দাপট দেখাল খেতাবধারী টিম। আধিপত্য সমেত লড়াই জিতে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান (Inter Milan)। ঘরের মাঠে (San Siro) রোমাকে (AS Roma) উড়িয়ে দিল ৫-২ গোলে। জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ (Lautaro Martinez)। চোট কাটিয়ে ফিরে জোড়া গোল আর্জেন্তিনীয় অধিনায়কের। নিট ফল—সেরি আ (Serie A) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের (AC Milan) থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল ইন্টার। সেরি তা খেতাব এবার আরও কাছে।
ফেব্রুয়ারির পর প্রথম ম্যাচ। আর প্রত্যাবর্তনের খেলাতেই বাজিমাত। ম্যাচ শুরুর ৬০ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। মার্কাস থুরামের (Marcus Thuram) পাস থেকে দুরন্ত ফিনিশ—রোমা তখন থেকেই টানা চাপে।
গতরাতের ম্যাচে থুরাম-মার্টিনেজ জুটি দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে আবারও ফরাসি উইঙ্গারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্তিনার স্ট্রাইকার। গোলের সামনে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ঠান্ডা মাথা—এই খেলায় ফারাক গড়ে দিয়েছে!
মজার তথ্য—২০২২ সালের পর প্রথমবার কোনও ইন্টার ফুটবলার একই ম্যাচে মার্টিনেজকে দু’টি অ্যাসিস্ট বাড়ে বাড়ালেন। আগে নিকোলো বারেল্লা (Nicolo Barella), এবার থুরাম।
প্রথমার্ধে ৪০ মিনিটে জিয়ানলুকা মানচিনি (Gianluca Mancini) হেডে সমতা ফেরান। কিছুক্ষণ জন্য খেলায় ফিরেছিল রোমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাকান চালহানোগলুর (Hakan Calhanoglu) দূরপাল্লার দুরন্ত শটে আবার এগিয়ে যায় ইন্টার। ৩০ গজ দূর থেকে নেওয়া সেই শট কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে আর পিছনে তাকাতে হয়নি। থুরামের গোল, তারপর বারেল্লার ফিনিশ—একসময় স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষদিকে ইতালীয় মিডফিল্ডার লরেঞ্জো পেল্লেগ্রিনি (Lorenzo Pellegrini) একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের রং বদলায়নি।
পরিসংখ্যান বলছে, সেরি আ-তে রোমার বিরুদ্ধে ইন্টার এর আগে ৯ বার ৫ বা তার বেশি গোল করেছে—অন্য কোনও দলের বিরুদ্ধে এই সাফল্য নেই। আরও গুরুত্বপূর্ণ—এই ম্যাচে প্রত্যাশিত গোল (xG) ১.১৭ হলেও ইন্টার বল জালে জড়িয়েছে ৫ বার। অর্থাৎ, সুযোগ কাজে লাগানোর দক্ষতা অসাধারণ।
এই জয় শুধু তিন পয়েন্ট নয়। পিছু ধাওয়া করা এসি মিলানকেও স্পষ্ট বার্তা দিল ইন্টার। টানা তিন ম্যাচ জিততে না পারার পর যেভাবে ঘুরে দাঁড়ালেন বারেল্লা-মার্টিনেজরা, তা থেকে পরিষ্কার, খেতাব এবার ক্রিশ্চিয়ান চিভুর টিমই হাসিল করতে চলেছে। এখন সামনে নাপোলির (Napoli) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আগুনে ফর্মে ইন্টারকে থামানো ম্যাকটমিনে-লুকাকুদের পক্ষে সহজ হবে না। চোট কাটিয়ে মার্টিনেজের প্রত্যাবর্তন, থুরামের সাপোর্ট আর দলগত দাপট—সব মিলিয়ে ইন্টার এখন শিরোপার খুব কাছে।