নতুন সংবিধান, নতুন প্রশাসন আর নতুন রণকৌশল ছাড়া ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারবে কি? শুধু মাঠে নয়, মাঠের বাইরের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন খালিদ জামিল?

বাইচুং ও খালিদ
শেষ আপডেট: 12 September 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। দায়িত্ব হাতে নেওয়ার পর শুরুটা মন্দ হয়নি। প্রথম চ্যালেঞ্জ ছিল সিএএফএ নেশনস কাপ (CAFA Nations Cup)। যেখানে ওমানকে (Oman) হারিয়ে তৃতীয় স্থান দখল করে ভারত। দেশের গরিমাময় ফুটবল ইতিহাসে বিরল মুহূর্ত না হলেও সাম্প্রতিক দুর্দশার নিরিখে এই সাফল্য আশাব্যঞ্জক বটে।
এমন পরিস্থিতিতে ইতিবাচক ভবিষ্যৎ দেখার পাশপাশি সাবধানী সতর্কবার্তা শোনা গেল প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) গলায়। তাঁর সাফ দাবি, কেবল ডিফেন্স আর ডেড-বল কৌশলে আস্থা রাখলে দল বেশিদূর এগোতে পারবে না।
ভুটিয়ার মতে, জামিলের সামনে আসল চ্যালেঞ্জ দু’টি—দলের ধারাবাহিকতা বজায় রাখা আর আক্রমণাত্মক ফুটবল খেলা। এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খালিদকে নতুন স্ট্রাইকার তুলে আনার মাধ্যমে কাজ শুরু করতে হবে। বিশেষত, অনূর্ধ্ব-২৩ থেকে। লক্ষ্য থাকুক বিশ্বকাপে যোগ্যতা অর্জন আর এশিয়া কাপে ভাল পারফরম্যান্স। ওগুলোই আসল মাপকাঠি। শুধু ডিফেন্সে ভরসা করে বা ফ্রি-কিক-কর্নারে নির্ভর করে কিছু হবে না!’
প্রসঙ্গত, গড়াতে গড়াতে ভারতের ফিফা র্যাঙ্কিং (FIFA Ranking) নেমে গিয়েছে ১৩৩-তে। ভুটিয়ার মতে, এটি দেশের ফুটবলের জন্য ভয়াবহ সংকেত। এর জন্য কেবল মাঠের পারফরম্যান্স নয়, বরং ফেডারেশনের (AIFF) সঙ্গে কোচদের দুর্বল সম্পর্কও দায়ী। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ইগর স্টিমাচ (Igor Stimac) থেকে শুরু করে এফসি গোয়ার (FC Goa) সফল কোচ—দু’জনের কেউই টিকতে পারেননি ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে। মাত্র কয়েক মাসের মধ্যেই কোচ পাল্টাতে হয়েছে। এই প্রেক্ষাপটে জামিলের নিয়োগে বাইচুং যেমন আশার আলো দেখছেন, তেমনই করছেন সতর্কও। তাঁর কথায়, ‘আশা করি খালিদ সফল হবে। তবে এর জন্য ফেডারেশনকেও বদলানো প্রয়োজন। সব নতুন করে শুরু করতে হবে!’
অন্যদিকে, কোচের পারফরম্যান্স পর্যালোচনার পাশপাশি ভুটিয়া এআইএফএফের গড়িমসির তীব্র সমালোচনা করেছেন। ফিফা ও এএফসি (AFC) ইতিমধ্যে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে—৩০ অক্টোবরের মধ্যে গঠনতন্ত্র পাস না করলে নিষেধাজ্ঞা আসতে পারে। ভুটিয়ার আক্ষেপ, ‘ফিফা তিন বছর আগে জানাতে পারত। তাহলে এত ক্ষতি হত না!’
সব মিলিয়ে ভুটিয়ার গলায় আক্ষেপের সুর। নতুন সংবিধান, নতুন প্রশাসন আর নতুন রণকৌশল ছাড়া ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারবে কি? শুধু মাঠে নয়, মাঠের বাইরের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন খালিদ জামিল? বাইচুংয়ের আশা-আশঙ্কার দোলাচল হয়তো বিন্দুমাত্র অমূলক নয়।