তবে গত ২২ ফেব্রুয়ারি সেই চেনা ছবি ক্যামেরায় ধরা পড়ল না। এদিন জলসার ফটক ফাঁকাই রয়ে যায়। তা নিয়ে উদ্বেগ বেড়েছিল অনেকেরই মনে। পরে ব্লগপোস্টে অভিনেতা জানান, কাজের ব্যস্ততায় তিনি শহরের বাইরে রয়েছেন। তাই সাপ্তাহিক সাক্ষাৎ সম্ভব হয়নি।
.jpeg.webp)
শেষ আপডেট: 23 February 2026 13:33
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের সকাল মানেই মুম্বইয়ের ‘জলসা’র(Jalsa) সামনে জনসমুদ্র। এদিন নিয়ম করে দরজার সামনে এসে এক ঝলক দেখা দেন বলিউড শাহেনশাহ, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হাত নেড়ে শুভেচ্ছা জানান অনুরাগীদের। দশকের পর দশক ধরে চলে আসা এই প্রথা যেন শহরের সংস্কৃতিরই এক অংশ হয়ে উঠেছে। নিজের ব্লগে প্রায়ই সেই মুহূর্তের ছবি ও অনুভূতি ভাগ করে নেন তিনি।
রবিবার দেখা মিলল না অমিতাভের
তবে গত ২২ ফেব্রুয়ারি সেই চেনা ছবি ক্যামেরায় ধরা পড়ল না। এদিন জলসার ফটক ফাঁকাই রয়ে যায়। তা নিয়ে উদ্বেগ বেড়েছিল অনেকেরই মনে। পরে ব্লগপোস্টে অভিনেতা জানান, কাজের ব্যস্ততায় তিনি শহরের বাইরে রয়েছেন। তাই সাপ্তাহিক সাক্ষাৎ সম্ভব হয়নি। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, কাজ এগোচ্ছে জোরকদমে, তবে আপাতত বিশ্রাম জরুরি। খুব শিগগিরই আবার দেখা হবে, এই আশ্বাসও দেন তিনি।
অমিতাভের অনুপস্থিতি অনুরাগীদের খানিক হতাশ করলেও, তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক যে কেবল রবিবারের দর্শনে সীমাবদ্ধ নয়, তার প্রমাণও দিয়েছেন তিনি। যখন তাঁর প্রতিবেশী নির্মিৎ জসরানি ব্যক্তিগতভাবে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই অনুরোধ গ্রহণ করে তাঁকে সরাসরি বাড়িতে আমন্ত্রণ জানান অভিনেতা। নির্দিষ্ট দিনে বিকেলে জলসায় পৌঁছে নির্মিৎ স্বচক্ষে দেখেন তাঁর প্রিয় তারকাকে।
সাক্ষাতের সেই অভিজ্ঞতা তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন, অমিতাভজি শুধু অটোগ্রাফই দেননি, উপহার দিয়েছেন নিজের ছবি ছাপা একটি টি-শার্টও। গ্রুপ ফটো থেকে ব্যক্তিগত ছবি—সবকিছুরই সুযোগ করে দেন তিনি। প্রণাম করতে গেলে সস্নেহে তা থামিয়ে দেন, যা আরও মুগ্ধ করেছে ভক্তকে। নির্মিৎ বলেন, জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটি—স্বপ্ন যেন সত্যি হয়ে ধরা দিয়েছে।
রবিবারের সাময়িক বিরতি হয়তো অনিবার্য ছিল, কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর অনুরাগীদের আবেগের যোগ যে অটুট, তা আবারও স্পষ্ট। কাজের চাপ, দূরত্ব—কিছুই সেই সম্পর্কের উষ্ণতায় ভাঁটা ফেলতে পারে না।