একদিন অভিনেত্রী কাজরী গুহ মহানায়ক কে নিমন্ত্রণ করে খাওয়ালেন কাঁচালঙ্কা মুরগি। পদটি খেয়ে মহানায়ক খুব তৃপ্ত হন এবং বাড়িতে এসেই গৌরী দেবীর কাছে খাবারটির খুব সুখ্যাতি করেন।

শেষ আপডেট: 2 September 2025 18:15
'আপনাদের দাদা উত্তমকুমার সব চাইতে ভালবাসেন বেণুদির রান্না।' এ কথা বাঙালির মিথ। সুপ্রিয়া দেবীও উত্তমকুমারের (Uttam Kumar) মৃত্যুর পরের তিন দশক এসব বিনোদন মাধ্যমে বলেছেন বারবার। প্রকাশিত হয়েছে 'বেণুদির রান্নাবান্না' বইও। কিন্তু উত্তমকুমার আরও একজনের রান্না খুব ভালবাসতেন। তিনি ছিলেন উত্তমকুমারের স্ত্রী গৌরী চট্টোপাধ্যায় (Gouri Chatterjee)। উত্তমকুমারের জন্মদিনে তাঁর স্ত্রী গৌরী দেবীর হাতের গোপন রেসিপির গল্প।
গৌরী দেবী প্রথম দিকে উত্তমকে নানা পদ রেঁধে খাওয়াতেন। গৌরীর হাতে বানানো একটা রান্নার পদ উত্তমের ভীষণ পছন্দের ছিল। যে রান্নার রেসিপি কখনও কাউকে বলেননি গৌরী দেবী। লঙ্কা মুর্গি। যদিও এই রান্নার আসল কারিগর ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী কাজরী গুহ, যাঁর থেকেই এই রেসিপি শেখেন গৌরী। কাজরী গুহ 'দীপ জ্বেলে যাই', 'হারানো সুর', 'সাথীহারা' প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন।
কী ভাবে গৌরী (Gouri Chatterjee) বুঝলেন লঙ্কা মুর্গি উত্তমের (Uttam Kumar) প্রিয় খাবার হবে?
একদিন অভিনেত্রী কাজরী গুহ মহানায়ক কে নিমন্ত্রণ করে খাওয়ালেন কাঁচালঙ্কা মুরগি। পদটি খেয়ে মহানায়ক খুব তৃপ্ত হন এবং বাড়িতে এসেই গৌরী দেবীর কাছে খাবারটির খুব সুখ্যাতি করেন। প্রায় সব স্ত্রীর মতই গৌরী দেবীও সামান্য মনক্ষুণ্ণ হন। কোন স্ত্রীই বা স্বামীর মুখে অন্যের রান্নার সুখ্যাতি ভালভাবে মেনে নিতে পারেন!
এরপর একদিন অভিনেত্রী কাজরী দেবী সস্ত্রীক আমন্ত্রণ জানান মহানায়ককে। মহানায়ক কাজরী দেবীকে বলেন লঙ্কা মুরগি যেন খাবারের তালিকায় থাকে। সেইমতো রান্না করে যখন কাজরী দেবী খেতে দিলেন, তখনই গৌরী দেবী পদটির রেসিপি জানতে চান ওঁর থেকে, কিন্তু কাজরী দেবী বলেন এই স্পেশ্যাল রেসিপি উনি কাউকে দিতে পারবেন না। গৌরী দেবী হার মানলেন না। খেয়ে নিজেই বুঝলেন, তাতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে।

এরপর একদিন গৌরী দেবী কাজরী দেবীকে নিমন্ত্রণ করে পদটি রেঁধে খাওয়ালেন নিজের বাড়িতে, পদটি খেয়ে মুগ্ধ হয় কাজরী দেবী গৌরী দেবীকে জড়িয়ে ধরেছিলেন। মহানায়ক তখনও আঙুল চেটে খাচ্ছেন গৌরীদেবীর রাঁধা লঙ্কা মুরগি।
এরপর থেকে গৌরীর হাতের লঙ্কা মুর্গি উত্তমের ফেভারিট পদ হয়ে গেল। গৌরী দেবী সেভাবে কখনও মিডিয়ায় সাক্ষাৎকার দেননি। তাই তাঁর রেসিপি বলার প্রয়োজন পড়েনি জনতাকে। নিজের গোপন রেসিপি কাউকে জানাতেও চাননি গৌরী।
তবে ইদানিং কালে নামীদামী রেস্টুরেন্ট তাঁদের নিজেদের রেসিপিতেই তৈরি করেন 'লঙ্কা মুর্গি'। শুধু তাই নয়, বহু বাঙালি রেস্তোরাতে উত্তমকুমারের প্রিয় পদ বলে লঙ্কা মুর্গির বিজ্ঞাপনও করা হয়ে থাকে।