
উত্তম কুমার।
শেষ আপডেট: 15 April 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: মহানায়ক উত্তম কুমার আদৌ জ্যোতিষশাস্ত্র বা রাশিফলে বিশ্বাস করতেন কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি। ব্যক্তিগত ভাবে তিনি খুবই উদার নীতির মানুষ ছিলেন। তাঁকে নিয়ে এত চর্চার মাঝে তাঁর আচার, ব্যবহার, ম্যানারিজম নিয়ে অনেকেরই সম্যক ধারণা রয়েছে।
কিন্তু রাশিফল? গুগলে প্রাথমিক সার্চ করলে জানাচ্ছে, উত্তর কুমারের রাশিফল ছিল কন্যা। কীভাবে জেনে গেল তারা? গুগল বলছে, জেনারেটিভ এআই দিয়ে তারা তা বের করেছে। তবে একেও ষোল আনা সত্যি মনে করা ঠিক হবে না। কারণ, এটাও পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে গুগল বলছে, মোটামুটি ভাবে যাঁদের জন্ম ২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে তাঁরা কন্যা রাশির জাতক হন। উত্তম কুমারের জন্ম দিন যেহেতু ৩ সেপ্টেম্বর। তাই তাঁর রাশি ছিল কন্যা। যদিও এটি চিনা রীতির মুনশাইন অনুযায়ী নির্ধারিত, তাই এটিই যে উত্তম কুমারের রাশি, তা নয়।
বরং অন্য আরও কিছু ক্ষেত্র ঘেঁটে, গ্রহ নক্ষত্রের অবস্থান মেপে, জানা যাচ্ছে, উত্তম কুমারের রাশি ছিল কর্কট।
ধরে নেওয়া যাক তাই। এখন কৌতূহলের বিষয় হল, ১৪৩২ সাল কন্যা রাশির জাতকদের কেমন কাটবে? কর্কট রাশিরই বা কেমন কাটবে?
জ্যোতিষ শিরোমণি ও বাস্তু গবেষক ডঃ সুরেন্দ্র কাপুরের গণনা অনুযায়ী, কন্যা রাশির জাতক-জাতিকারা বছরের শুরুতে সতর্কভাবে চলাফেরা করলে সারা বছরই সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এপ্রিল মাস সাবধানে থাকলে পরের মাস থেকে ধনসম্পত্তি লাভ, আর্থিক উন্নতি ও মুনাফা লাভ হবে।
এই রাশির যে জাতক-জাতিকারা ললিতকলা, চলচ্চিত্র, দূরদর্শন বা শিল্পী, তাঁদের সময় অনুকূল থাকায় যশ সম্মান, প্রতিপত্তি ও প্রচুর অর্থলাভ হবে। কর্মের জন্য নতুন নতুন স্থানে ভ্রমণ ও কর্মে ব্যস্ত থাকার সুযোগও থাকবে। ব্যবসায়ী ব্যক্তিদের আরও কর্ম পরিধি বিন্যাসে বেশি লাভ হবে। পত্নীর সহযোগিতায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
মহিলাদের পরিবার, কর্ম, শিক্ষা, সামাজিক বিস্তার ও ব্যবসায় অনেক সফলতা আসবে। আপসেট না হয়ে কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিষ্ঠা সহকারে মনঃসংযোগ করতে হবে। এবছরে অনেকবার বিভিন্ন স্থানে বিনোদনমূলক ভ্রমণের সুযোগ লাভ হবে এবং বাস্তবায়িত হবে।
পুরনো বন্ধুবান্ধবের সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে। গান-বাজনায় যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে প্রসার এবং আর্থিক উন্নতি হবে। পরিবার এবং সমাজে অর্থ, যশ, সম্মান লাভ করবেন। সন্তানের ভাল কর্মে ও শিক্ষায় মনে প্রশান্তির বাতাবরণ তৈরিু হবে।
অন্যদিকে, কর্কট রাশির ব্যক্তিদের নববর্ষের গোড়া থেকেই মোটামুটি গ্রহ পরিস্থিতি অনুসারে উত্তম স্বাস্থ্য বজায় থাকবে। যে সব ব্যক্তি ব্যথা বেদনা, হজমের গোলমাল বা কোষ্ঠকাঠিন্যে ভুগতেন, তাঁরাও অনেকটা সুরাহা লাভ করবেন।
রাশিচক্রে শুভগ্রহের সঞ্চারে ধনসম্পত্তি বিষয়ে যথেষ্ট আশা বাস্তবায়িত হবে এবং প্রচুর বিত্তসহ অর্থলাভের যোগ পরিলক্ষিত হয়। ব্যবসায় মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং আস্তে আস্তে ও ক্রমবর্ধমান গতিতে ব্যবসায়ে সফলতা বৃদ্ধি পাবে এবং মুনাফা বৃদ্ধি পাবে। গ্রহ পরিস্থিতি অনুযায়ী মনোসংযোগ সহ কেরিয়ার এবং প্রতিযোগীতামূলক পরীক্ষার উৎকৃষ্ট ফল লাভে কর্মজীবনে প্রবেশ বা পরবর্ত্তী পর্যায়ে পদোন্নতিতে উল্লেখযোগ্য ফল লাভ হবে।
মহিলাদের ক্ষেত্রে কর্ম এবং শিক্ষা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। ভ্রমণে উৎসাহ লাভ এবং অবকাশ বিনোদনে অর্থ ব্যয় হলেও মনোরঞ্জন ও সুখ লাভ হবে।
তবে সমাজ এবং পারিবারিক বাতাবরণ বেশি শুভ না থাকায় এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। পরিবারের সিনিয়র সদস্যের সঙ্গে মতভেদ থাকবে। সন্তানের দুর্ব্যবহারে দুশ্চিন্তায় শরীর ও মন ভাল যাবে না। আশা করা যায়, শ্রাবণ মাস থেকে সন্তানের ব্যবহার ক্রমশ ভালর দিকে উন্নত হবে। যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের এ বছরে অনুকূল সময়।
সব মিলিয়ে একথা বলা যায়, উত্তম কুমারের রাশি যেটাই হোক না কেন, তাঁর সম্ভাব্য দুই রাশির সঙ্গে যাঁদের রাশি মিলে যাচ্ছে, তাঁদের জন্য বাংলার ১৪৩২ সাল ‘অতি উত্তম’ই যাবে। কমবেশি খারাপ সময় তো আসতেই পারে, তা বাদ দিলে, জ্যোতিষশাস্ত্র বলছে, গোটা বছরটিই মোটের উপর সমৃদ্ধি নিয়েই পার করবেন তাঁরা।