
শেষ আপডেট: 28 February 2022 09:22
কেমন এই ধারাবাহিকের গল্প? উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার এক উচ্চাকাঙ্ক্ষী, প্রাণবন্ত, সাহসী মাতৃহারা মেয়ে গুড্ডি এই গল্পের নায়িকা। তার দু'চোখ ভরা স্বপ্ন সে একদিন মস্ত বড় পুলিশ অফিসার হবে। আর এই স্বপ্নপূরণ করতে গিয়েই সে রোল মডেল বানিয়ে ফেলে দায়িত্বশীল পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়কে।
এদিকে গুড্ডির স্কুলের শিক্ষিকা শিরিন ও তার পরিবারের স্নেহ আদরে জড়িয়ে পড়ে গুড্ডি। সেও শিরিনকে দিদিয়া বলে ডাকে। আবার এই শিরিনের সঙ্গেই পুলিশ অফিসার অনুজ ও তাঁর পরিবারের নিবিড় সম্পর্ক। গুড্ডি বুঝতে পারে, অনুজের দ্বারা শিরিন খুবই প্রভাবিত। তাই গুড্ডি মনেপ্রাণে চায় যে তাঁর স্কুলের শিক্ষিকা শিরিনের সঙ্গেই যেন অনুজের বিয়ে হয়।
কাহিনির নায়ক পুলিশ অফিসার অনুজ। গুড্ডির দৃঢ়চেতা সাহসী মনোভাব সহজেই আকর্ষণ করে অনুজকে। শেষমেষ কী ঘটবে নিয়তির খেলায়? তবে কি ম্যাজিক মোমেন্টস প্রযোজিত টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের আভাস মিলবে?
জানতে হলে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম- শনি সন্ধ্যে ৬ টা থেকে চোখ রাখতে হবে স্টার জলসা এবং স্টার জলসা এইচডির পর্দায়। আজ থেকেই শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিক। স্টারের এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন রণজয় বিষ্ণু। পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা যাবে। শিরিন এবং গুড্ডির নামভূমিকায় অভিনয়ে রয়েছেন মধুরিমা বসাক ও শ্যামৌপতি মুদি।