
সোহিনী গুহ রায়!
শেষ আপডেট: 14 January 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: আজ্ঞে হ্যাঁ একেবারে ঠিকই পড়ছেন। টলি অভিনেত্রী এসবই করে চলেছেন! জনপ্রিয় লক্ষ্মী সিরিয়ালের সুপারহিট নায়িকা ‘লক্ষ্মী’ অর্থাৎ হিয়া বসু, মরিয়া হয়ে উঠেছেন। সিরিয়াল চলছে না ফলোয়ার্স কমে গিয়েছে, তাই এই শর্টকার্ট। সোশ্যাল মিডিয়াতে বোল্ড শুট-রীল!পরিবারের লোকজন তা নিয়ে ছ্যাঁ-ছ্যাঁ করছে। কিন্তু তাতে তাঁর কিচ্ছু এসে যায় না! ফলোয়ার্স তিনি বাড়াবেনই! সঙ্গে চাই লাইক-শেয়ার-কমেন্টস!
কিন্তু এসবেও কিচ্ছু হচ্ছে না, তাই আরও বড় প্ল্যান। হিয়ার সোশ্যাল মিডিয়া সামলানোর দায়িত্ব রয়েছেন সৌম্য। সূত্রের খবর, সৌম্যর বুদ্ধিতেই সোশ্যাল মিডিয়াতে একটা ফেক নিউজ ছড়ানোর প্ল্যান আঁটেন হিয়া। খবর ছড়াতে হবে, জনপ্রিয় নায়িকা হার্ট অ্যাটাকে মারা গেছেন! এই খবর যখন ভাইরাল হবে, তখন প্ল্যান অনুযায়ী তিন দিনের জন্য বগুলানে (নির্জন দ্বীপ) সৌম্যর হোটেলে গা ঢাকা দেবেন তিনি। কিন্তু এই ‘ফলোয়ার্স’ বাড়াতে গিয়ে নির্মমভাবে খুন হন হিয়া!
ঠিক এভাবেই গল্প ফেঁদেছেন চিত্রনাট্যকার অম্লান মজুমদার। তিনি বললেন, ‘যখনই কিছু লিখেছি, চেষ্টা করেছি একটা সামাজিক বার্তা দেওয়ার। ‘ভাগাড়’ কিংবা ‘শক্তিরূপেন’তেমনই উদাহরণ। ঠিক তেমনই এই কাহিনি @Followers।’ সিরিজের নাম ‘@ফলোয়ার্স’। পরিচালক রাজদীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় এই ফলোয়ার্স বাড়ানোর জন্য যে সকল পন্থা মানুষ নিয়ে থাকে, সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘নিজের বাবা বা মা মারা যাওয়ার পর হাসিমুখে সেই মৃতদেহর সঙ্গে সেলফি তুলেছেন কখনও? এখন মানুষ তোলে, ফেসবুকে এ পোস্ট করে, কতজন ফলো করছে, তা উপভোগ করে তারিয়ে তারিয়ে, এ এক ভয়ংকর সময়! এক অদ্ভুত মারণ রোগে আজ আমরা মেতে উঠেছি। মনে হল প্রতিবাদ দরকার। আমার ভাষা একটাই, সিনেমা। তাই, সাবজেক্ট শুনেই ঝাঁপিয়ে পড়ি।’
ওয়েব সিরিজের অন্যতম মুখ অর্থাৎ হিয়া বসুর চরিত্রে অভিনয় করছেন সত্যিকারের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সও কম নয়। বিষয়বস্তুর সঙ্গে নিজের সোশ্যাল লাইফের মিল পেলেন কোথাও? উত্তরে সোহিনী বললেন,
‘সিরিজের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনের বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু তা আশীর্বাদ না অভিশাপ, তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। যদি আমরা আমাদের জীবন ও সুস্থতার উপর সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’
ওয়েব সিরিজের পরতে পরতে হাড়হিম করা ঘটনা। আগামী মাসের মধ্যেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে @Followers। সিরিজের প্রযোজনায় রয়েছে স্কাইপ্যানস কমিউনিকেশনস। সোহিনী ছাড়াও অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইন্দ্রাশিষ রায়, অম্লান মজুমদার, সামিউল আলাম, স্যান্ডি প্রমুখ।