
শেষ আপডেট: 16 March 2023 07:27
দ্য ওয়াল ব্যুরো: মীর মানেই ম্যাজিক। মীর (Mir Afsar Ali) মানেই সেন্স অফ হিউমারে ভরা একটা মজার মানুষ, রেডিওতে যিনি সকালম্যান হয়ে উঠেছিলেন নিজের জনপ্রিয়তায়। সকালবেলা ঘুম ভাঙলেই যাঁর গলা শোনা যেত একটা সময়। এখন সে সব অতীত। তবে মীর ফিরেছেন নতুন চমক নিয়ে। গপ্পো মীরের ঠেক (Goppo Mirer Thek)। চ্যানেলের বয়স হাতে গোনা কয়েক মাস। কিন্তু এর মধ্যেই কনটেন্ট (Story) চুরি নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন মীর।
ঘটনাটা কিছুই নয়, নিপাট টুকলি। মীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ জানিয়েছেন, তাঁর নতুন চ্যানেল খোলার ঠিক দু'দিন পরেই একটি ফেক চ্যানেল খোলেন কোনও এক সাইফুল মালিক। তিনি মীরের কনটেন্ট চুরি (Story Stolen) করে সেই ফেক প্রোফাইলে পোস্ট করেন। মীরের দাবি, এখনও অবধি ১৩টি গল্পপাঠ চুরি করে নিজের নামে চালিয়েছেন সেই ব্যক্তি। এদিকে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।
স্বাভাবিক ভাবেই মানুষের বোঝার ভুলে অনেকেই সেই ফেক প্রোফাইল সাবস্ক্রাইব করছেন। ফলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

মীর আরও জানান, এটা একটা অপরাধ। এই বিষয় নিয়ে তিনি সাইবার ক্রাইম সেলেও যাবেন। অভিযুক্ত সাইফুল মালিককে নিজের পোস্টে সতর্কও করেছেন মীর। জানিয়েছেন, এটা ঘৃণ্য অপরাধ। কারন, এক একটা এপিসোডের পিছনে অনেকের অনেক পরিশ্রম আছে। যে কেউ সেটা কেবল চুরি করে টাকা ইনকাম করছেন। এটা কত বড় অন্যায়, তাও চোখে আঙুল দিয়ে দেখান মীর। জানান, যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে বন্ধ করুন। নইলে পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পাশাপাশি সাধারণ মানুষ, যাঁরা এতদিন মীরকে ভালবেসেছেন তাঁরা যেন অরিজিনাল চ্যানেলটিই সাবস্ক্রাইব করেন, সে কথাও আরও একবার মনে করিয়ে দেন প্রাক্তন সকালম্যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এই পোস্টটি ডিলিট করেছেন শিল্পী। কী কারণে তিনি সামাজিক মাধ্যম থেকে পোস্টটি সরিয়ে নিলেন, তা জানা যায়নি।
যৌনদৃশ্যের ছড়াছড়ি, অ্যামাজন-নেটফ্লিক্সের এই ৭ সিনেমা মানেই নীলচে রং