
শেষ আপডেট: 18 December 2022 07:10
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান'-এর প্রচার, 'ডাঙ্কি'-র শ্যুট, তার মাঝেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান- সবমিলিয়ে একেবারে টাইট শিডিউলে কাজ করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এর মাঝেই কলকাতা থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। সে কথা নিজেই জানিয়েছেন টুইটারে (Twitter)।
এক অনুরাগীর প্রশ্নের উত্তরে বাদশা বললেন, 'ইনফেকশন (infection) হয়েছে শরীরে। তাই ডাল-ভাত খেয়ে দিন কাটাতে হচ্ছে।' তবে তাঁর ইনফেকশন ঠিক কতটা গুরুতর, তা নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে শাহরুখের অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর ভক্তকুল। অনেকেই তাঁকে এইমুহূর্তে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
শাহরুখ কাজপাগল বলে এমনিতেই ইন্ডাস্ট্রিতে তাঁর সুনাম রয়েছে। এতগুলো বছর সিনেমাজগতে কাটিয়ে দেওয়ার পরেও এখনও একজন নবাগতর মতোই পরিশ্রম করেন বাদশা। তাই সারাক্ষণ কাজে ডুবে থাকতেই ভালবাসেন। বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য খানিক বিরতি নিয়েছেন। কিন্তু সেই সময়টুকুও ঘরে চুপচাপ বসে কাটিয়ে দিতে নারাজ তিনি। তাই অনুরাগীদের সঙ্গে আড্ডা দিতে টুইটারে 'আস্ক শাহরুখ' আয়োজন করেন তিনি।
শনিবার সন্ধেয় ভক্তদের একাধিক প্রশ্নের সম্মুখীন হয়ে চটপট উত্তর দিলেন শাহরুখ। বলা যেতে পারে, একপ্রকার ইন্টারভিউই দিয়ে দিলেন। সঙ্গে নিজের আগামী ছবি 'পাঠান'-এর প্রচারের কাজও সেরে ফেলেন বাদশা। তাঁর পরবর্তী কাজ, পরিবার, ছেলেমেয়ে সবকিছু নিয়েই গল্প করলেন ভক্তদের সঙ্গে। সেইসময়েই এক অনুরাগী শাহরুখকে বর্তমান খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরেই কিং খান বলেন, 'ইনফেকশনে অসুস্থ। তাই এখন শুধুই ডাল-ভাত খাচ্ছি।'