
কী বললেন সাহেব?
শেষ আপডেট: 25 April 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: ৫০০ এপিসোড পূর্ণ হয়েছে 'কথা' ধারাবাহিকের। জমে উঠেছে ধারাবাহিকটি। সেই উপলক্ষেই শহরের বুকে আয়োজিত হয়েছে এক বিশেষ পার্টির। কথা ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। তাঁর তরফ থেকেও পৌঁছেছে আমন্ত্রণ পত্র। তাতে লেখা, "রাত উপভোগ করুন, মদ্যপান করুন কিন্তু গাড়ি চালাবেন না’! সাহেবের ওই বার্তা যেন উস্কে দিচ্ছে সোনিকা চৌহানের মৃত্যুর স্মৃতি। উস্কে দিচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া ঠাকুরপুকুরের দুর্ঘটনার কথাও।
বছর কয়েক আগে এমনই এক পার্টি শেষে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মডেল-অভিনেত্রী সোনিকা চৌহানের। সোনিকা সাহেবের প্রেমিকা ছিলেন। তবে সে রাতে চালকের আসনে সোনিকার পাশে সাহেব ছিলেন না, ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা হয়।
সাহেবও নিজের উদ্যোগে মদ্যপ অবস্থা গাড়ি না চালানো নিয়ে অনেক প্রচার করেন। যদিও কিছু দিন আগে ঠাকুরপুকুরে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মদ্যপ অবস্থায় পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন পরিচালক ভিক্টো। মৃত্যু হয় একজনের।
এরকমই কোনও ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই সাহেবের এই আগাম সতর্কতা । সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু মানুষ। প্রতিটি রাত- পার্টি তে এরকম সতর্কতা মূলক বার্তা লেখা উচিৎ বলে মনে করছেন অনেকেই।
প্রসঙ্গত, কথা ও এভির প্রেম নিয়েই শুরু হয়ছিল 'কথা' ধারাবাহিকটি । যদিও এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হয়েছে বিস্ফোরণে মৃত্যু হয়েছে কথার। অভি-কথা দর্শকের প্রিয় জুটি। আগামী দিনে এই ধারাবাহিক কোন খাতে বয়, এখন সেটিই দেখার।