
শেষ আপডেট: 18 January 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রায়শই দেখা যায় কুকুরদের মেরে ফেলার নৃশংস ভিডিও। সে ভিডিও দেখে অনেকেই চোখের জল ফেলেন কিন্তু সক্রিয়ভাবে এই অসুস্থতা রোধ করতে এগিয়ে আসেন না। তবে বিক্রম চ্যাটার্জি সেই দলে পড়েন না। কোথাও কোনও পশু আহত হলে বা আক্রান্ত হলে ছুটে যান তাদের সাহায্যে।
তথাগত মুখার্জির ‘পারিয়া’র মূল চরিত্রে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ওনার নিজের বাড়িতেও একটি ছোট্ট পোষ্য আছে, যাকে উনি একদিন রাস্তা থেকেই কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তাকেই কোলে করে এলেন 'পারিয়া'র টাইটেল ট্র্যাক রিলিজে।
আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'পারিয়া', যার টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। পশুপ্রেমীদের মধ্যে সাড়াও ফেলেছে এই টিজার। মঙ্গলবার মুক্তি পেল রণজয় ভট্টাচার্যের কম্পোজিশনে সনু নিগমের গাওয়া 'পারিয়া'র টাইটেল ট্র্যাক।
ছবির টিজারে বিক্রমকে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। নম্র ভদ্র চরিত্রেই এতদিন ওনাকে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু টিজারে ওনার অ্যাংরি ইয়াং ম্যান রূপ দেখে অবাক দর্শকেরা। উনি নিজেও বলেছেন ‘পারিয়া’র এই চরিত্রটিই ওনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ এর জন্য উনি দু মাস ধরে মার্শাল আর্টের তালিম নেন। উনি নিজেও এই সিনেমাটির জন্য খুব উত্তেজিত, একইসঙ্গে কিছুটা নার্ভাসও।
বিক্রম ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অঙ্গনা রায়, সৌম্য মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, শাহির রাজ, দেবাশিস রায় প্রমুখরা। তথাগত মুখার্জির পরিচালনায় শীঘ্রই প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'পারিয়া'। শুধু পশুপ্রেমী নয়, সকলেরই এই সিনেমা মন কাড়বে বলে জানিয়েছেন সমস্ত অভিনেতা।