
শেষ আপডেট: 27 December 2023 12:43
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সন কিওন। সূত্রের খবর, একটি গাড়ির ভিতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে। তাঁর স্ত্রী জানিয়েছেন, বাড়ি থেকে অভিনেতার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি কিওনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লি সন কিওন। ছবিতে বিত্তশালী এক বাবার চরিত্রে ছিলেন তিনি। এছাড়াও বহু কোরিয়ান ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সেন্ট্রাল সিওলের একটি পার্কে দাঁড় করানো গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
এই আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন কিওনের স্ত্রী অভিনেত্রী জিওন হিজেন ও তাঁর দুই সন্তান। অভিনয় জগতে আসার আগে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কলাবিভাগে স্নাতক হন লি কিওন। ২০০১ সালে টেলিভিশন সিরিজ ‘লাভার্স’-এর মধ্যে দিয়ে অভিনয়ে পা রাখেন। তবে তিনি চর্চায় আসেন ‘প্যারাসাইট’-এ অভিনয় করে।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী এই ছবিটি বিশ্বজুড়ে তুমুল প্রশংসিত হয়েছিল। এর পর থেকেই কোরিয়ান এই অভিনেতার কেরিয়ার চড়চড় করে উপরের দিকে উঠতে শুরু করে। তবে অতিরিক্ত মাদক সেবনের কারণে বেশ কয়েকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আইনি মামলাতেও জড়িয়েছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে ক্ষমাও চেয়েছেন।