
শেষ আপডেট: 27 October 2023 20:52
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বিপুল সাফল্যের পর বৃহস্পতিবার কলকাতার অ্যাক্রোপলিস মলে 'মুজিব- দ্য মেকিং অফ নেশন' ছবির স্প্যেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। ছবিটি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বায়োপিক। মুজিবের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নামী অভিনেতা আরিফিন শুভ।
এই ছবিটি দেখার জন্য এদিন মানুষের ভিড় উপচে পরে সিনেমাহলের বাইরে। শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব ছবিটিতে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতার নেপথ্য ইতিহাস।
রাজনৈতিক টানাপড়েনের সঙ্গে মুজিবের পারিবারিক জীবনের দুঃখ, আনন্দ সবটাই দক্ষতার সঙ্গে দেখানো হয়েছে এই ছবিতে। ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, শান্তিলাল মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় সহ কলকাতার বহু পরিচালক, অভিনেতা, অভিনেত্রীও উপস্থিত ছিলেন এই স্ক্রিনিং -এ।
পরিচালক অরিন্দম শীল জানান, 'বঙ্গবন্ধু আমাদের খুব কাছের মানুষ এবং খুব শ্রদ্ধেয়। তাঁকে নিয়ে একজন আন্তর্জাতিক স্তরের ভারতীয় পরিচালক কী আঙ্গিকে ছবি বানিয়েছেন সেটা দেখার জন্যেই আসা। আশা করব এই ছবিটি বঙ্গবন্ধু মুজিবের লড়াইকে সঠিকভাবে তুলে ধরবে।'
অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, 'আমরা তো অনেক ছোট ছিলাম যখন এই দেশভাগের ঘটনা ঘটে। তবে পরবর্তীকালে এই ঘটনার প্রভাব আমরা টের পেয়েছি। আমরা যে অঞ্চলে থাকি এবং যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি তাঁরা সব পূর্ববাংলা থেকে চলে আসে এদেশে। তখন তাদের কাছে শুনেছি পরে বইতে পড়েছি ফলে এই ছবিটা দেখার প্রতি একটা টান তো আছে। এছাড়া আমি এই ছবিটাতে একটি চরিত্রে অভিনয়ও করেছি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে ভীষণই ভাল লেগেছে।'
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, 'এই ছবি দেখতে আসার যে উন্মাদনা তা যে কোনও বাঙালির জীবনেই থাকবে। কারণ, মুজিবের জীবনী নিয়ে এমন কাজ শ্যাম বেনেগালের মতো পরিচালক বানিয়েছেন। আমি মনে করি এই ছবি দেখতে আসা প্রত্যেকটা বাঙালিরই উচিত।'
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'আমি তো খুবই খুশি এই ছবি নিয়ে। বাংলাদেশের ইতিহাসের একটা বিরাট জায়গা জুড়ে আছেন শেখ মুজিবুর রহমান। শ্যাম বেনেগালের মতো পরিচালক এই ছবি এত যত্ন নিয়ে বানিয়েছেন তা সবার দেখা উচিৎ। মুজিবের চরিত্রে অভিনয় করেছে আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু আরিফিন শুভ। এমন একজন ঐতিহাসিক চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলা কোনও মুখের কথা নয়। আমি খুব লাকি যে আমি আজকে কলকাতায় ছিলাম এবং এই ছবি কলকাতার বসে দেখতে পাচ্ছি।'
ছবির মুখ্য অভিনেতা আরিফিন শুভ বলেন, 'এই ছবিটি দেখে আমি আশা করছি দুই বাংলার মানুষই ভিন্ন ভিন্নভাবে ছবিটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। যেকোনও চরিত্রই কিছু না কিছু ছাপ ফেলে যায় একজন অভিনেতার মধ্যে আর এই চরিত্র আমার কাছে খুবই স্পেশাল। এই ছবির শ্যুট হয় ২০২২ সালে। মাঝে আরও কাজ করেছি তবে এই চরিত্র এখনও আমার সঙ্গে থেকে গেছে।'
মুজিব ছবিটি তৈরি হয়েছে ন্যাশানাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া ও বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মিলিত প্রযোজনায়। বাংলাদেশে ১৩ অক্টোবর এই ছবি রিলিজ হওয়ার পর বিপুল সাড়া ফেলেছে। বৃহস্পতিবার কলকাতাতে রিলিজ হল 'মুজিব- দ্য মেকিং অফ নেশন'। জানা গেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা এই ছবি দেখে আপ্লুত।