এ বছর প্রকাশিত হয়েছে তাঁর লেখা প্রথম উপন্যাস 'টু গুড টু বি ট্রু।' এক ঝলকে তাঁর বহুমাত্রিক প্রতিভার প্রমাণ মেলে এই বইতে।

প্রাজক্তা (ফাইল ছবি)
শেষ আপডেট: 10 July 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে কয়েকবছর আগে শুরু হয়েছিল সফর, আর আজ তিনি বিশ্বের সেরা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায়। ‘মোস্টলি সেন’ নামে যাঁকে চেনে গোটা নেটদুনিয়া, সেই প্রাজক্তা কোলি জায়গা করে নিলেন ২০২৫ সালের 'টাইম১০০ ক্রিয়েটরস' তালিকায়। বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল কন্টেন্টে জায়গা পাওয়া এই প্রথম কোনও ভারতীয় তিনি।
টাইম ম্যাগাজিনের এই বিশেষ তালিকায় জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট, খাবানে লেম, কাই কেনেট ও ম্যাল রবিন্সের সঙ্গে জায়গা পেলেন প্রাজক্তা। টাইম জানাচ্ছে, এই তালিকায় জায়গা পেয়েছেন তাঁরাই, যাঁরা শুধু ইন্টারনেট জগতেই নয়, সমাজের ভাবনাচিন্তা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির উপর বড় প্রভাব ফেলছেন।
২০১৫ সালে ইউটিউবে কমেডি স্কেচ ভিডিও পোস্ট করে যাত্রা শুরু করেছিলেন মোস্টলি সেন। তাঁর ভিডিওতে ভারত। বর্তমানে ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৭০ লক্ষেরও বেশি, ইনস্টাগ্রামে ৮০ লক্ষ ফলোয়ার। ইউটিউবেই আটকে থাকেননি। অভিনয় করেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ মিসম্যাচড-এ। বলিউডে জুগ জুগ জিও ছবিতে তাঁকে দেখা গেছে। ইউটিউব অরিজিনালসের 'প্রিটি ফিট' শো-র হোস্ট হিসেবেও নজর কাড়েন।
এ বছর প্রকাশিত হয়েছে তাঁর লেখা প্রথম উপন্যাস 'টু গুড টু বি ট্রু।' এক ঝলকে তাঁর বহুমাত্রিক প্রতিভার প্রমাণ মেলে এই বইতে। কনটেন্ট বানানোর পাশাপাশি প্রাজক্তাসোশ্যাল অ্যাডভোকেসির কাজেও সক্রিয়। কাজ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ইউনাইটেড নেশনস, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্সেশন, ওয়ার্লড ইকোনমিক ফোরাম ও সিওপি সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চে।
তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল ক্রিয়েটর ফল চেঞ্জ ইউটিউব ডকু-সিরিজে অংশ নেওয়া, যেখানে ছিলেন বারাক ওবামা। প্রাজক্তা ‘ফোর্বস ইন্ডিয়া ৩০ আন্ডার ৩০’ তালিকায় ছিলেন এবং 'জিকিউ ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইয়ং ইন্ডিয়ান্স ২০২৫'-এও তাঁর নাম ছিল।
টাইম ১০০ ক্রিয়েটরস তালিকায় জায়গা পাওয়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে মোস্টলি সেন লেখেন, 'এই মুহূর্তে অনেক কিছু ভাবা উচিত, অনেক কিছু বলাও উচিত। কিন্তু সত্যি বলতে, এখন কেবল দুটো শব্দ মাথায় আসছে, ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শকদের, পাশে থাকার জন্য, বিশ্বাস করার জন্য। ধন্যবাদ আমার পরিবারকে। আর সবচেয়ে বড় ধন্যবাদ সেই ২১ বছরের প্রাজক্তাকে, যে কোনও পরিকল্পনা ছাড়াই, কেবল গল্প বলবে বলে ইউটিউবে এসেছিলেন।'