.webp)
শেষ আপডেট: 10 October 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো: জোয়া কি এখন কিউবায়? নাকি স্ক্যানডিনেভিয়ার কোনও শৈল শহরে নিরিবিলি একটা কটেজে পরিবারের সঙ্গে থাকেন! খোঁজ আছে?
নেই তো! জোয়া নিজেই এবার ধরা দিচ্ছেন। আড়াল-আবডাল কাটিয়ে টাইগার থ্রি-র পোস্টার মুক্তি পেল। সলমন খানের অ্যাকশন থ্রিলারে ফের দেখা যাবে জোয়াকে। এদিন যে পোস্টার রিলিজ হয়েছে তাতে দেখা যাচ্ছে অ্যাকশন প্যাক সিনে জোয়া ওরফে ক্যাটরিনা কাইফ।
ইনস্টাগ্রামে টাইগার থ্রির পোস্টার শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “ফাইটিং ফায়ার উইথ ফায়ার, দ্যাট জোয়া...”। আগুনের সঙ্গে আগুন নিয়েই লড়াই করছে, এটাই তো জোয়া।
View this post on Instagram
জোয়ার এই পোস্টার আগ্নেয়গিরির মতই লাভা ছড়াতে শুরু করেছে। করন জোহর রিঅ্যাক্ট করে লিখেছেন—ক্যাট। সঙ্গে গুচ্ছ হার্ট ইমোজি। আবার ক্যাটরিনার এক ফ্যান লিখেছেন, ক্যুইন অফ অ্যাকশন। কেউ আবার লিখেছেন, সিনেমাতেও আগুন ঝরবে। এই দিওয়ালিতে এটাই ফায়ার ক্র্যাকার।
টাইগার সিরিজ মানেই অ্যাকশন। আর ফাঁকে ফোকরে রোমান্স। টাইগার থ্রিও নাকি সেরকম বারুদেই ঠাসা। জোয়া চরিত্র স্ক্রিনে ফিরিয়ে আনার ব্যাপারে ক্যাটরিনা বলেছেন, “যশরাজ ফিল্মসে প্রথম মহিলা গুপ্তচর হলেন জোয়া। এমন একটা চরিত্র পাওয়াটা বড় ব্যাপার। জোয়া সাহসী, ক্ষুরধার, অনুগত আবার, মনের দিক থেকেও নরম। সবার উপরে জোয়া মানবতার জন্য সব সময়ে এগিয়ে এসেছে”।
ক্যাটরিনার কথায়, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে জোয়ার জার্নিটা অনবদ্য। টাইগার থ্রি কোনও ব্যতিক্রম নয়। অ্যাকশন সিকুয়েন্সকে নেক্সট লেভেনে নিয়ে গেছি এবার। সে জন্য আমার শরীরকে ব্রেকিং পয়েন্ট পর্যন্ত নিয়ে গেছি। লোকে দেখলেই বুঝতে পারবে। কীরকম চ্যালেঞ্জিং ছিল কাজটা।
ক্যাটরিনা আগেও বলেছেন, তিনি অ্যাকশন ফিল্মের ভক্ত। মনে মনে তিনি নিজেই যেন জোয়া। এ হল স্বপ্ন সত্যি হওয়ার মতো। দৃঢ়, তুখোর—এক কথায় ব্যাডাস। কুছ পরোয়া নেহি। ক্যাট বলেন. “এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষাই রয়েছি।”
মণীশ শর্মার টাইগার দীপাবলীতে মুক্তি পাবে। হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি। সলমন, ক্যাটরিনা ছাড়াও ছবিতে রয়েছেন, ইমরান হাশমি, রেবতি, রিধি ডোগরা, কুমুদ মিশ্র ও রনবীর শোরি। শাহরুখ খানেরও গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে এই ছবিতে।