
শেষ আপডেট: 26 October 2023 12:02
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বিগত দশ বছরের মধ্যে যে কটি বিষয় নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক তার আঁতুড়ঘর হিসেবে অনেকেই আঙুল তোলেন একজন মানুষের দিকেই। তার নাম করণ জোহর। নিন্দকদের কথায় করণের সঞ্চালনা করা টক শো 'কফি উইথ করণ'-এ আসা অতিথিদের মন্তব্য থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত হয়। তবে সমালোচকদের কথাকে থোড়াই কেয়ার করেন বলিউডের দাপুটে পরিচালক।
আজ অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই ডিজনি প্লাস হটস্টারে শুরু হয়েছে 'কফি উইথ করণ'-এর নতুন সিজন। অষ্টম সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেখানে নির্ভেজাল আড্ডায় মাতেন রণবীর এবং দীপিকা। সেখানে প্রথমবার দীপিকা রণবীরের বিয়ের ভিডিওও প্রকাশ্যে আসে। পাশাপাশি এই শো-তে দীপিকা রণবীরকে নিয়ে নতুন এক ছবি তৈরির পরিকল্পনাও করে ফেলেন করণ।
কী সেই ছবি?
রাজ কাপুর বৈজয়ন্তীমালা এবং রাজেন্দ্র কুমারের বিখ্যাত ছবি 'সঙ্গম'-এর রিমেক করার পরিকল্পনা করলেন করণ। এদিনের পর্বে করণ রণবীরকে জিজ্ঞেস করেন যদি কখনও কোনও ত্রিকোণ প্রেমের ছবি বানানো হয় যেখানে রণবীর এবং দীপিকা থাকবেন, সেই ছবিতে তৃতীয় চরিত্র হিসেবে একজন পুরুষ অভিনেতাকে বেছে নিতে হলে তিনি কাকে বাছবেন। উত্তরে বিন্দুমাত্র কালবিলম্ব না করে রণবীর সিং জবাব দেন, 'রণবীর কাপুর'। এরপরই করণ বলেন 'সেক্ষেত্রে আমি তোমাদের তিনজনকে নিয়ে সঙ্গম ছবিটির রিমেক করতে চাই।'
করণের এই প্রস্তাবে রণবীর এবং দীপিকা দুজনেই সম্মতি দেন তখনই। তবে এই প্রস্তাবের পরও অনুযোগের সুরে রণবীর বলেন, 'তুমি শুধু মুখেই বলো করণ, আদতে কাজের কাজ কিছু কর না'। এরপরই হাসতে হাসতে করণের জবাব, 'বেশ তোমাদের নিয়ে তবে একটা ধুমধাড়াক্কা অ্যাকশন ছবি বানাব'। সব মিলিয়ে 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজনের প্রথম পর্বে মোটের উপর বন্ধুত্বপূর্ণ পরিবেশই বজায় ছিল শেষ পর্যন্ত।