
কপিল শর্মা এবং রাজপাল যাদব
শেষ আপডেট: 23 January 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে ফের আতঙ্ক বলিউডে। কমেডিয়ান কপিল শর্মা, অভিনেতা রাজপাল যাদব সহ একাধিক তারকাদের হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। একই ধরনের হুমকি বার্তা পেয়েছেন পরিচালক, কোরিওগ্রাফার রেমো ডিসুজা এবং কমেডিয়ান সুগন্ধা মিশ্রও।
পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ''এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয়। তাই কেউ এটাকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকারের জীবনযাত্রার ওপর নজর রাখছি। আর সে ব্যাপারেই আপনাদের বিষয়টি জানাচ্ছি!'' হুমকি বার্তাও এও বলা হয়েছে, কেউ যেন এই ব্যাপারটিকে এড়িয়ে না যান, তাহলে আরও খারাপ কিছু হয়ে যাবে।
মাত্র কয়েকদিন আগেই সইফ আলি খানের আবাসনে ঢুকে তাঁর ওপর হামলা চালিয়েছিল দুষ্কৃতী। ৬ বার ছুরির আঘাত করা হয়েছে তাঁর ওপর। জটিল অস্ত্রোপচারের পর সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। সেই ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হয়েছে ঠিকই কিন্তু আতঙ্ক কাটেনি বলিউডের। তার মধ্যেই এবার কপিলদের হুমকি দেওয়া হল। তাই বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছেন না কেউই। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে, ইমেলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে তা পাকিস্তানের। তাতে বিষ্ণু নামের একজনের নাম উল্লেখ রয়েছে। সে বলেছে, মেলের উত্তর যদি আগামী ৮ ঘণ্টায় না আসে তাহলে 'বড়' পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় ইতিমধ্যেই মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করেছে।