‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই ঝড় তুলেছে। মাত্র তিন দিনে অগ্রিম বুকিং থেকে আয় প্রায় ৯ কোটি টাকা। ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবি।

'কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১'
শেষ আপডেট: 30 September 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ব্লকবাস্টার ছবি 'কান্তারা'-এর রেশ কাটতে না কাটতেই এবার বাজারে এসেছে তার প্রিক্যুয়েল। পরিচালক-অভিনেতা ঋষভ শেট্টি পরিচালিত 'কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১'-এর অগ্রিম টিকিট বিক্রি বা অ্যাডভান্স বুকিং শুরু হতেই অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রথম কিস্তির মতো এবারও দর্শক যেন আরও বেশি উৎসাহী।
মাত্র তিন দিনের মধ্যে ছবিটি অগ্রিম বুকিং থেকে প্রায় ৯ কোটি টাকা আয় করেছে। এই আয়ের মধ্যে ব্লক করে রাখা আসনগুলির মূল্যও অন্তর্ভুক্ত। Sacnilc-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশজুড়ে ছবিটি ১,৩১,৪৯১টিরও বেশি টিকিট বিক্রি করেছে। এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ আয় থেকেই বোঝা যায়, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কেমন উন্মাদনা রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ছবিটির কন্নড় সংস্করণের জন্য অগ্রিম বুকিং শুরু হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষার জন্য টিকিট বিক্রি শুরু হয়।
‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ দেশের একাধিক ভাষায়— কন্নড়, তেলেগু, তামিল, হিন্দি এবং মালায়ালামে, মুক্তি পেতে চলেছে। জানা গেছে, মুক্তির দিনে সারা দেশ জুড়ে ছবিটির জন্য ৫,১৯৫টি শো বরাদ্দ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান দেখে হল মালিকরা এই শো-এর সংখ্যা কমানোর পরিবর্তে বাড়ানোর দিকেই ঝুঁকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। ছবিটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মাত্র ১৬ কোটি টাকা বাজেটে তৈরি হওয়া ‘কান্তারা’ বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। তাই এই প্রিক্যুয়েলটিও বক্স অফিসে একইরকম গতি ধরে রাখে কি না, এখন সেটাই দেখার বিষয়।