ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিন্দি বনাম দক্ষিণী সিনেমার তুলনা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ব্যবসা, কনটেন্ট প্রতিটি ক্ষেত্রেই কে এগিয়ে, কে পিছিয়ে—তা ঘিরে প্রায়শই আলোচনায় মেতে ওঠেন সমালোচক থেকে নেটিজেনরা।

জাভেদ আখতার
শেষ আপডেট: 5 June 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিন্দি বনাম দক্ষিণী সিনেমার তুলনা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ব্যবসা, কনটেন্ট প্রতিটি ক্ষেত্রেই কে এগিয়ে, কে পিছিয়ে—তা ঘিরে প্রায়শই আলোচনায় মেতে ওঠেন সমালোচক থেকে নেটিজেনরা। এবার সেই বিতর্কে মুখ খুললেন বর্ষীয়ান চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ স্পষ্ট ভাষায় বলেন, হিন্দি সিনেমার বর্তমানে সৃজনশীলতার অভাব রয়েছে। তাঁর মতে, “আজকের হিন্দি ছবিগুলিতে গভীরতা হারিয়ে গিয়েছে। পরিচালকরা এখন শুধু অ্যাকশন দেখাতে আগ্রহী। স্বকীয়তা আর থাকছে না।”
শুধু নির্মাতা নন, দর্শকের রুচি নিয়েও প্রশ্ন তোলেন জাভেদ। তিনি বলেন, “আজ যে ধরনের সিনেমা হিট হচ্ছে, তা দেখে আমি অবাক হই। একটা সময় ছিল, আমরা এমন সব ছবি বানিয়েছি, যেগুলো মানুষ আজও মনে রাখে। অথচ এখন এমন অনেক ছবি সুপারহিট হচ্ছে, যেগুলোর মধ্যে গভীরতা নেই।”
তবে দক্ষিণী ছবির প্রসঙ্গে এসে প্রশংসা করেন তিনি। “তেলুগু, তামিল, মালয়ালাম ছবিগুলি আজ দুর্দান্ত ব্যবসা করছে। অথচ ওদের তারকাদের আমরা উত্তর ভারতে খুব একটা চিনি না। কিন্তু তাদের ছবির সঙ্গে শিকড়ের যে টান—সেটাই মূল কারণ,” মত জাভেদের।
তাঁর মতে, হিন্দি ছবির নির্মাতারা অনেকেই তাঁদের শিকড় থেকে সরে এসেছেন। “এক সময় উত্তরপ্রদেশ বা রাজস্থান থেকে অনেকে মুম্বইয়ে এসে বলিউড গড়েছেন। কিন্তু তাঁদের ছেলেমেয়েরা এখন মুম্বইয়ের সংস্কৃতিতে বড় হয়েছেন। ফলে তাদের দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে, অনেকেই ইংরেজিতে স্বপ্ন দেখেন,” বলেন জাভেদ।
অন্যদিকে, দক্ষিণী পরিচালকরা এখনও নিজের রাজ্যে থাকেন, নিজের সংস্কৃতির সঙ্গেই যুক্ত। “তাঁরা তাঁদের লোকজনের জন্য ছবি বানান। তাই গল্পে সত্যতা, আবেগ সব বজায় থাকে,” বলেন তিনি। প্রসঙ্গত, সত্তরের দশকে জাভেদ আখতার ও সেলিম খানের জুটি হিন্দি সিনেমার ইতিহাসে একাধিক কালজয়ী ছবি উপহার দিয়েছে। তবে সময় বদলেছে।