দ্য ওয়াল ব্যুরো: ফের অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে রাধিকা আপ্তের ছবির ঘনিষ্ঠ দৃশ্য। এ বার অভিনেত্রীর আসন্ন ছবি 'দ্য ওয়েডিং গেস্ট'। এর আগে 'পার্চড' ছবির সময়েই একই ঘটনা ঘটেছিল। অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য। সে সময়েও সরব হয়েছিলেন অভিনেত্রী। এ বারেও হলেন।
এমনিতে বি-টাউনে ভালো অভিনেত্রী হিসেবে রাধিকার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে দাপুটে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচিত ঠোঁটকাটা হিসেবেও। নিজের স্বভাব মতোই এ বার তিনি প্রশ্ন তুলেছেন সরাসরি ছবির নায়কের নাম নিয়ে! 'দ্য ওয়েডিং গেস্ট' ছবিতে রাধিকা আপ্তের সঙ্গে অভিনয় করছেন দেব পটেল। ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়ার পর রাধিকা বলেছেন, "ইন্টিমেট সিন রিলিজের পর থেকে সকলেই আমার নাম প্রকাশ্যে আনছেন। আমার ব্যাপারে সমালোচনা করছেন। কই দেবের নাম নিয়ে তো এমনটা হচ্ছে না! ওই দৃশ্যে তো আমার সঙ্গে দেব-ও আছেন।"
রাধিকার কথায়, "দ্য ওয়েডিং গেস্ট খব সুন্দর একটা ছবি। তাতে অনেক ভালো ভালো সিন-ও রয়েছে। কিন্তু সব কিছু ছেড়ে ফাঁস হয়েছে ওই 'সেক্স সিন'। কেন জানেন? কারণ আমাদের সমাজের একটা বড় অংশের মানুষের মানসিকতাটাই বিকৃত। এসব দেখে তাঁরা মজা পান। তারপর অন্যদের নিয়ে সমালোচনা করেন।" এর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাধিকা নিজেই জানিয়েছিলেন যে কোনও রকমের সিন-এ অভিনয় করতে তিনি প্রস্তুত। রাধিকা বলেন, "ইন্টিমেট সিন হোক, বা সেক্স সিন, সব ধরনের সিক্যুয়েন্সে অভিনয় করাটাই একজন অভিনেতার পেশা। তাঁর কাজের অংশ। আর এ ব্যাপারে আমি কমফরটেবল।" তবে এ হেন সাহসী অভিনেত্রীও যে এ বার গুটিকয়েক মানুষের 'বিকৃত' আচরণে বেশ ক্ষুব্ধ সেটা স্পষ্ট।
এর আগে ২০১৬ সালে রিলিজ হয়েছিল রাধিকা আপ্তের ছবি 'পার্চড'। সে সময় কো-স্টার আদিল শাহের সঙ্গে ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল হয়েছিল। সে সময়েও সমাজ আঙুল তুলেছিল রাধিকার দিকেই। বিস্তর সমালোচনা হয়েছিল অভিনেত্রীর। তবে সে সময় অবশ্য রাধিকার হয়ে কথা বলেছিলেন আদিল নিজেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "এ সব কাণ্ড কারখানা দেখেই বোঝা যাচ্ছে কিছু মানুষ কতটা বিকৃত। ছবির সুন্দর দৃশ্যগুলো বাদ দিয়ে সবসময় সেক্স সিন বা বেড সিন-ই ফাঁস হয়ে যায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে মানুষ সেক্স বা যৌনতার ব্যাপারে কতটা অবসেসড।" আদিল আরও বলেন, "একজন পুরুষ এ ধরনের সিনে অভিনয় করলে কোনও কথাই হয় না। কিন্তু যেই একজন মহিলা বোল্ড সিনে অভিনয় করেন, ওমনি নানা কথা শুরু হয়ে যায়। এটাই আসলে আমাদের সমাজ।"
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/entertainment-radhika-apte-makes-honest-confession-about-falling-in-love-with-many-people/