
ফাইল চিত্র
শেষ আপডেট: 24 December 2024 21:18
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অরুণ রায় বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আর জি কর হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি রয়েছেন। গত তিন দিন ধরে তিনি চিকিৎসাধীন। গত বছর আগস্ট মাসে তাঁর খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। যদিও অসুস্থতার মধ্যেও তিনি কাজ চালিয়ে গিয়েছেন।
গত এক বছরেরও বেশি সময় ধরে মারণ রোগের বিরুদ্ধে লড়াই করছেন পরিচালক অরুণ রায়। অসুস্থতা সত্ত্বেও তাঁর মনোবল অটুট রয়েছে। সুস্থ হলেই তিনি ছবি পরিচালনার স্বপ্ন দেখেন। তবে তাঁর শারীরিক দুর্বলতা এখন বড় চ্যালেঞ্জ। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় যে কোনও সংক্রমণ সহজেই আঘাত হানতে পারছে।
এই মুহূর্তে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ‘বাঘাযতীন’ এবং ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শুটিং শেষ করেন তিনি। এর আগেও তিনি ‘হীরালাল’ ছবির পরিচালনা করেছিলেন।
অরুণ রায় বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন, 'রোগ রোগের জায়গায়, আর সিনেমা সিনেমার জায়গায়। কাজ থামাব না।' কিন্তু এবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরিবারের সঙ্গে অনুরাগী ও সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।